সময় কলকাতা ডেস্ক: আপাতত দিল্লি যেতে হচ্ছে না অনুব্রত মণ্ডলকে। ৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত কেষ্টর দিল্লি যাত্রা। এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ৭ ডিসেম্বর। ততদিন আসানসোলের জেলেই থাকবেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। উল্লেখ্য, গরু পাচার মামলায় অনেক আগেই অনুব্রতকে গ্রেফতার করেছে সিবিআই। বেশ কিছুদিন আগেই গ্রেফতার করেছে ইডি। এই পরিস্থিতিতে তদন্তের স্বার্থে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরার করতে চায় ইডি। এই মর্মেই দিল্লিতে রাউস অ্যাভেনিউ আদালতে আবেদন করে ইডি। ইডির এই পদক্ষেপের বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। সেই মামলারই শুনানিতেই ৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট।
উল্লেখ্য, গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে আসানসোল সংশোধনাগারে যায় ইডির আধিকারিকরা।সেখান থেকে তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় ইডি। এবার তাঁকে দিল্লিতে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদন জানিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউয়ের বিশেষ আদালতের দ্বারস্থ হয় ইডি। আর এই আবেদনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে যান অনুব্রত।
উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই ইতিমধ্যেই সুকন্যা মণ্ডলকে জেরা করেছে ইডি। এরপর এই মামলায় ইডির নজরে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন। তাদেরকেও জেরা করতে তলব করতে পারে ইডি, এমনটাই সূত্রের খবর। এখন দেখার সায়গলের পর অনুব্রতকেও কি দিল্লিতে নিয়ে যেতে পারবে ইডি, সেদিকেই নজর সকলের।


More Stories
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের