Home » সাংসদদের নিয়ে স্ট্র্যাটেজি বৈঠকে মমতা

সাংসদদের নিয়ে স্ট্র্যাটেজি বৈঠকে মমতা

সময় কলকাতা ডেস্কঃ শীতকালীন অধিবেশনের আগে সংসদে দলের অবস্থান নির্ধারণে সাংসদদের নিয়ে স্ট্র্যাটেজি বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নয়াদিল্লিতে বুধবার এই বৈঠকে উপস্থিত থাকবার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। সূত্রের খবর,আসন্ন সংসদের অধিবেশনে জনস্বার্থ সম্পর্কিত কোন কোন বিষয়গুলিকে আরও গুরুত্ব সহকারে তুলে ধরা হবে সেটার পাঠ সাংসদদের ওই দিন দেবেন তৃণমূল নেত্রী। দু’দিন আগে নবান্নে গিয়ে এই বিষয়ে কথা বলেও এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই এই দু’জনের উপস্থিতিতে সাংসদদের নিয়ে বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, সংসদের শীতকালীন অধিবেশনে দলীয় কর্মসূচি কী হবে, সাংসদরা কোন ইস্যুগুলিতে সরব হবেন, তা ঠিক করে দিতে পারেন মমতা।

উল্লেখ্য, বুধবার অর্থাৎ আজ থেকেই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার সংসদ ভবনে সরকারের পক্ষ থেকে ডাকা সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীও। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়, শীতকালীন অধিবেশনে মূল্যবৃদ্ধি বিস্তারিত আলোচনার সুযোগ দিতে হবে। বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়ান উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, তৃণমূলের তরফে বলা হয়, কেন্দ্রীয় সরকার বাংলার বিরুদ্ধে আর্থিক অবরোধ সৃষ্টি করেছে। একশো দিনের কাজের টাকা, গ্রামে রাস্তা তৈরির প্রকল্পের বরাদ্দ সময়মতো দেওয়া হচ্ছে না। তারা এই বিষয়ে শীতকালীন অধিবেশনে আলোচনা চায়। তবে, বৈঠকে নিজের বক্তব্য পেশ করেই সেখান থেকে বেরিয়ে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। জানা গিয়েছে, তিনি আহমেদাবাদ যান। সেখানে রয়েছেন দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। তাঁকে সোমবার রাতে জয়পুর থেকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। তাঁকে আইনি সহায়তা দেওয়ার জন্যই আইনজীবীদের নিয়ে ডেরেকের আহমেদাবাদ যাত্রা বলে সূত্রের খবর। এদিকে, এদিনের এই বৈঠকে কয়েকটি বিরোধী দল দাবি করেছে, সাধারণ সম্প্রদায়ের দরিদ্রদের জন্য ১০ শতাংশ পদ সংরক্ষণের সরকারি সিদ্ধান্ত নিয়ে আলোচনার সুযোগ দিতে হবে। ডিএমকে সহ দক্ষিণের একাধিক দল ওই সিদ্ধান্তের বিরোধী।

About Post Author