Home » সায়গলের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

সায়গলের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

সময় কলকাতা ডেস্কঃ যত দিন যাচ্ছে,ততই যেন ঘনীভূত হচ্ছে গরু পাচার কাণ্ডের রহস্য। গরু পাচার মামলার তদন্তে নেমে ইডি এবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ দেহরক্ষী সায়গল হোসেনের প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল। ইডি সূত্রে জানা গিয়েছে,সায়গলের মোট ১ কোটি ৫৮ লক্ষ ৪৭ হাজার ৪৮৮ টাকার মোট ৩২টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল সম্পত্তি সায়গল ও তাঁর পরিবারের সদস্যদের বলেই দাবি ইডির। গরু পাচার মামলার তদন্তে নেমে ইডি-র আধিকারিকরা এখনও পর্যন্ত ২০ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বলেই সূত্রের খবর।

প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে গ্রেপ্তার করা হয় সায়গলকে। আসানসোলে সংশোধনাগারে গিয়ে সায়গলকে জেরা করেছিলেন ইডির আধিকারিকরা। তদন্তে অসহযোগিতা করায় সায়গলকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে। সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে তদন্ত করতে চেয়ে আবেদন করেছিল আসানসোল আদালতে। কিন্তু বিশেষ সিবিআই আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছিল। তারপরেই হাইকোর্টে মামলা করে ইডি। সেখানেও ধাক্কা খাওয়ার পর দিল্লির রাউস অ্যাভিনিউতে পিএমএলএ আদালতে আবেদন করে ইডি। অবশেষে ইডির আরজি মঞ্জুর করে রাউস অ্যাভিনিউ কোর্ট। এরপর বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি পায় ইডি।

ইতিমধ্যেই সায়গলের স্ত্রী, মা এবং শ্যালককে দিল্লিতে তলব করেছে ইডি। সায়গলের হোসেনের সামনে তাঁর স্ত্রী, মা ও শ্যালককে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীকে জেরা করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। সায়গল হোসেনের সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। একজন সামান্য সরকারি কর্মচারীর এত সম্পত্তির উৎস কি ? তা জানতেই মরিয়া ইডি।

About Post Author