সময় কলকাতা ডেস্কঃ জেল হেফাজতে শ্যামল আদক। এর আগেই কয়েকদিন নিখোঁজ থাকা শ্যামল আদককে গ্রেফতার করা হয়েছিল। টেন্ডার দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে । তার নামে হুলিয়া জারি করা হয়েছিল।সুতাহাটা থানার অটো-ট্রেকার স্ট্যান্ডে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে শনিবার গভীর রাতে হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে গ্রেফতার করে সুতাহাটা থানার পুলিশ।

কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ ছিল শ্যামল আদকের। শনিবারই সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হয়। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, কলকাতা থেকেই শ্যামল আদককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া শ্যামল আদক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, হলদিয়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীনই টেন্ডার দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল শ্যামল আদকের। গত ২৯ সেপ্টেম্বর হলদিয়ার ভবানীপুর থানায় শ্যামল আদকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক নির্মাণ সংস্থার মালিক অরুণাংশু মুখোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং ঘাটাল পুরসভা এলাকার কাজে ভুয়ো নথি দেখিয়ে তাঁর সংস্থার নামে ৮৬ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ক্রেডেনসিয়াল তৈরি করেছেন বলে অভিযোগ ছিল। এই মামলার তদন্তে নেমে কোটি কোটি টাকার অনিয়মের হদিশ পান আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল, কোনওভাবেই গ্রেফতার করা যাবে না শ্যামল আদককে। যদি তিনি তদন্তে সহযোগিতা না করেন, একমাত্র সেই ক্ষেত্রেই আদালত এই নির্দেশ প্রত্যাহার করবে বলে জানানো হয়েছিল। আদালতের এই নির্দেশের পর নভেম্বরে মাসে থানায় গিয়ে হাজিরা দেন শ্যামল আদক। তা সত্ত্বেও গ্রেফতার করা হয়েছে তাঁকে।

গত অক্টোবর মাসেই হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি অভিযোগে গঠিত হয় সিট। হলদিয়ার মহকুমাশাসক রাহুল পাণ্ডের নেতৃত্বে ১৬ সদস্যের তদন্তকারী দল গঠন করা হয়। তাতে দু’জন ইনস্পেক্টর এবং ১৩ জন সাব-ইনস্পেক্টর রয়েছেন। এই মামলায় ইতিমধ্যেই হলদিয়া পুরসভার ছ’জন বিদায়ী কাউন্সিলরকে নোটিশ পাঠিয়েছে পুলিশ৷
প্রসঙ্গত, এর আগেও টেন্ডারে দুর্নীতি মামলায় হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সত্যব্রত দাসকে গ্রেফতার করে পুলিশ। সত্যব্রত দাস হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের ঘনিষ্ঠ এবং পুরসভার টেন্ডার কমিটির চেয়ারম্যান ছিলেন বলেই সূত্রের খবর। দুর্নীতির অভিযোগে সত্যব্রত দাসকে গত ১৯ অক্টোবর গ্রেফতার করা হয় বলেই জানান হলদিয়ার মহকুমাশাসক রাহুল পাণ্ডে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?