সময় কলকাতা,অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়ঃ কাতার বিশ্বকাপের শেষ চারের মহাযুদ্ধে আর্জেন্টিনা। মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতে দোহার লুসাই স্টেডিয়ামে ফের একবার মেসি ম্যাজিক দেখার প্রতীক্ষায় ফুটবল বিশ্ব। সেমিতে মেসিদের প্রতিপক্ষ শেষ আটে ব্রাজিলকে হারানো ক্রোয়েশিয়া।
শেষ আটের লড়াইয়ে একাধিক নাটকের সাক্ষী থেকেছে দোহার লুসাই স্টেডিয়াম। নাটকীয় ম্যাচে ভ্যান হালের দলকে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছেছে লিওনেল স্কালনির দল। কিন্তু জিতেও স্বস্তি নেই আলবিসেলেস্তে শিবিরে। একদিকে কোয়ার্টার ফাইনালে ডাচ ফুটবলারদের সঙ্গে বিবাদে জড়িয়ে ৭ জন খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন। কার্ডের কোপ থেকে বাদ যাননি আর্জেন্টিনার কোচ স্কালনি আর সাপোর্ট স্টাফ ওয়াল্টার স্যামুয়েলও। ম্যাচ শেষে শান্ত লিওকে মেজাজ হারাতে দেখা গিয়েছে। প্রকাশ্যে স্প্যানিশ রেফারি অ্যান্টোনিও মাতেউয়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যদিও মেসির এহেন আচরণে বিরক্তি প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আর্জেন্টিনা দলের পাশাপশি নির্বাসনের খাড়া নেমে আসতে পারে আর্জেন্টিনার অন্যতম স্তম্ভের বিরুদ্ধে।
পাশাপশি ডাচ ম্যাচে হলুদ কার্ড দেখায়, ক্রোয়েশিয়া ম্যাচে কোচ স্কালোনি পাচ্ছেন না দলের নির্ভরযোগ্য দুই উইং ব্যাক মার্কাস আকুনা এবং গঞ্জালো মন্টিলকে। তাই প্রথম দলে বেশ কিছু পরিবর্তন করতে হবে আর্জেন্টিনা কোচকে। তবে এর মধ্যে আর্জেন্টিনা কোচকে স্বস্তি দিয়েছে দি মারিয়া ও রদ্রিগো দি পলের ফিট হয়ে ওঠা।

অন্যদিকে রাশিয়া বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পুনরাবৃত্তি চায় না ক্রোটরা। আর আর্জেন্টিনা ম্যাচে ক্রোয়েশিয়ার প্রধান শক্তি রক্ষণ ও মাঝমাঠ। আর এই মাঝমাঠে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ৩৭ বছরের লুকা মদ্রিচ। বিশ্বকাপের সেমিতে নামার আগে মদ্রিচের ভূয়সী প্রশংসা শোনা গেল আর্জেন্টিনার কোচ স্কালোনির গলায়। তিনি বলেন, “লুকা একজন আদর্শ। আমাদের উচিৎ ওর খেলা উপভোগ করা। আপনি যদি ফুটবল অনুরাগী হন তাহলে লুকার খেলা আপনাকে আকৃষ্ট করবেই।” যদিও ফুটবল বিশেষজ্ঞদের মতে ম্যাচ শুরুর আগে বিপক্ষের তুরুপের তাসকে মনস্তাত্ত্বিক চাপে ফেলতেই স্কালোনির এহেন মন্তব্য।
জীবনের শেষ বিশ্বকাপ জয়ের হাতছানি দুই দলের দুই মহারথীর সামনে। স্নায়ুর যুদ্ধে কে কাকে টক্কর দেবে তা জানতে আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে ফুটবল প্রেমীদের।


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই