সময় কলকাতা ডেস্কঃ সোমবার সিবিআই হেফাজতে থাকাকালীনই বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের শৌচাগার থেকে উদ্ধার হয় লালনের ঝুলন্ত দেহ। লালন শেখ আত্মঘাতী হয়েছে বলে দাবি করছে সিবিআই। যদিও, লালনের পরিবারের দাবি, মিথ্যা কথা বলছে সিবিআই। পিটিয়ে মেরে ফেলা হয়েছে লালনকে, এমনটাই অভিযোগ লালন শেখের পরিবারের। এদিকে, লালন শেখ মৃত্যুর পর থেকে থমথমে বগটুই গ্রাম। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। সিবিআই এর অস্থায়ী ক্যাম্পও ঘিরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। সোমবার রাতেই সেখানে আসেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি। জানা গিয়েছে, যে অস্থায়ী শিবিরে লালনকে রাখা হয়েছিল, সেখানে অশান্তি যাতে না হয় তার জন্য সোমবার রাতেই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। রামপুরহাটে পৌঁছেছেন আরও কয়েকজন সিবিআই আধিকারিক। রামপুরহাট মেডিক্যাল কলেজেও নিরাপত্তা বাড়িয়েছে বীরভূম জেলা পরিষদ।
অন্যদিকে,লালন শেখের মৃত্যুর তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মঙ্গলবার আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় হাইকোর্টে আবেদন করেন, লালন শেখের মৃত্যুর কারণ জানতে সিটিং বিচারপতি দ্বারা তদন্ত করুক কলকাতা হাইকোর্ট। মামলার আবেদন গ্রহণ করে আদালত। দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। জানা গিয়েছে, ডিসেম্বরেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে বগটুই কাণ্ড নিয়ে রাজ্য তথা সারা দেশে শোরগোল পড়ে যায়৷ ঘটনার সূত্রপাত হয়েছিল গত ২১ মার্চ রাতে৷ ওই রাতেই সাড়ে ৮ টা নাগাদ বোমা মেরে খুন করা হয় এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে৷ অভিযোগ, সেই খুনের বদলা নিতেই পালটা হামলা চালানো হয়৷ রাতের অন্ধকারে গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ তাতে গ্রামের ১০ থেকে ১২ টি বাড়ি পুড়ে খাক হয়ে যায়৷ সেই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ন’জনের৷ বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসাবে ভাদু শেখের ছায়া সঙ্গী লালন শেখকে গ্রেপ্তার করে সিবিআই। ৮ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দারা৷ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে আবেদন মত সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে থাকার সময়ে লালনের কীভাবে মৃত্যু হল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি