Home » মেঘালয়ে প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো

মেঘালয়ে প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো

সময় কলকাতা ডেস্কঃ ভোটে জিতলেই লক্ষ্মীর ভাণ্ডার! এই প্রতিশ্রুতি দিয়েই মেঘালয়ে প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের বছরের শুরুতেই মেঘালয় বিধানসভা ভোট। সংগঠনকে মজবুত করতে সোমবারই মেঘালয় পৌঁছেছেন মমতা ও অভিষেক। সে রাজ্যের আতিথেয়তায় মুগ্ধ বাংলার মুখ্যমন্ত্রী।

আগামী ২১ জানুয়ারি ৫০ বছর বয়স হবে মেঘালয়ের। রাজ্য গঠনের সুবর্ণ জয়ন্তী বর্ষকে সামনে রেখে মঙ্গলবার থেকে কার্যত শুরু হয়ে যাচ্ছে প্রধান বিরোধী দল তৃণমূলের পরিবর্তনের প্রচার। সূচনা করবেন তৃণমূল সুপ্রিমো। ২২ নভেম্বর অসম পুলিশের গুলিতে নিহত পাঁচ ও আহত দুই পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেবেন তিনি। এরপর কর্মিসভায় পাঁচ মহিলার হাতে প্রতীকী ‘লক্ষ্মীর ভাণ্ডার’ দিয়ে তিনি বোঝাবেন মেঘালয় জিতলে বাংলার মতো সামাজিক প্রকল্প হবে উন্নয়নের হাতিয়ার। স্বাভাবিকভাবেই, রাজনৈতিক মহলের মতে শুরুতেই মাস্টার স্ট্রোক দিয়েছেন মমতা।

মঙ্গলবার স্থানীয় স্টেট সেন্ট্রাল লাইব্রেরির অডিটোরিয়ামে রয়েছে কর্মিসভা। সেখানে রাজনৈতিক বার্তা তুলে ধরবেন এবং মেঘালয়কে নতুন করে গঠনের ডাক দেবেন তৃণমূল সুপ্রিমো। এছাড়াও স্থানীয় একটি প্রাক-বড়দিনের উৎসবে শামিল হওয়ার কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই কয়েক দফায় সেখানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সংগঠনের কাজ সরেজমিনে দেখছেন তিনি। এই সফরে মমতা ও অভিষেকের সঙ্গে থাকবেন মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক তথা এ রাজ্যের জলসম্পদমন্ত্রী মানস ভুঁইয়াও।

সামনেই ত্রিপুরার পাশাপাশি মেঘালয়েও বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। সূত্রের খবর, অভিষেক এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয় সফরেই উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে বড় চমক দেখা যেতে পারে। কেননা অন্যান্য দলের কিছু তাবড় নেতাদের মধ্যে দল ছেড়ে কেউ কেউ নাম লেখাতে পারেন তৃণমূলে। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

About Post Author