সময় কলকাতা ডেস্কঃ ভরসা নেই সিবিআই তদন্তে। সিবিআই হেফাজতে স্বামীর মৃত্যুর পর থেকেই সিআইডি তদন্তের দাবি তুলেছিলেন বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত, মৃত লালন শেখের স্ত্রী রেশমা বিবি। এমনকী মৃতদেহ নিতেও অস্বীকার করেছিলেন তিনি। মঙ্গলবার সন্ধের পর তাঁর আবেদন মেনে ঘটনার তদন্তভার গ্রহণ করে সিআইডি। সূত্রের খবর, এদিন সন্ধে থেকেই তদন্ত শুরু করেছে সিআইডির একটি দল। তবে এখনও পর্যন্ত কোনও মামলা রুজু করেনি সিআইডি। এদিন আদালতের নির্দেশে রামপুরহাটে লালন শেখের বাড়ির সিল খুলে দেওয়া হয়েছে। চাবি খুঁজে না পাওয়ায় সিবিআই আধিকারিকদের সামনেই তালা ভেঙে বাড়িতে ঢোকেন লালনের পরিবার। তাঁদের অভিযোগ, ঘর থাকা নগদ টাকা, গয়না সহ একাধিক জিনিসপত্র লুঠ করেছে সিবিআই।
এদিকে, মঙ্গলবার সিবিআই হেফাজতে মৃত লালন শেখের ময়নাতদন্ত হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই ময়না তদন্তে অনুমতি দিয়ে বিস্ফোরক মন্তব্য করেন লালন শেখের স্ত্রী রেশমা বিবি। সোমবারই তিনি সিবিআই আধিকারিকদের নাম উল্লেখ করে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিন তিনি ময়নাতদন্তের সময় অভিযোগ করেন, তার স্বামীকে মেরে ফেলা হয়েছে, তারপরে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার গোটা শরীরে মারের দাগ রয়েছে। তার জিভ কেটে নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ লালনের স্ত্রী রেশমা বিবির। তিনি আরও জানান, যতক্ষণ পর্যন্ত না সিবিআইয়ের আধিকারিকরা গ্রেফতার হবেন, ততক্ষণ লালন শেখের দেহ সৎকার করবেন না তিনি।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে বগটুই কাণ্ড নিয়ে রাজ্য তথা সারা দেশে শোরগোল পড়ে যায়৷ ঘটনার সূত্রপাত হয়েছিল গত ২১ মার্চ রাতে৷ ওই রাতেই সাড়ে ৮ টা নাগাদ বোমা মেরে খুন করা হয় এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে৷ অভিযোগ, সেই খুনের বদলা নিতেই পালটা হামলা চালানো হয়৷ রাতের অন্ধকারে গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ তাতে গ্রামের ১০ থেকে ১২ টি বাড়ি পুড়ে খাক হয়ে যায়৷ সেই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ন’জনের৷ বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসাবে ভাদু শেখের ছায়া সঙ্গী লালন শেখকে গ্রেপ্তার করে সিবিআই। ৮ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দারা৷ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে আবেদন মত সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে থাকার সময়ে লালনের কীভাবে মৃত্যু হল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের