Home » আবাস যোজনা দুর্নীতিকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদহে

আবাস যোজনা দুর্নীতিকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদহে

সময় কলকাতা ডেস্কঃ আবাস যোজনা নিয়ে দুর্নীতি,বঞ্চনা ও স্বজনপোষণের অভিযোগ ঘিরে দিকে দিকে চলছে বিক্ষোভ ও উত্তেজনা। বিরোধীদের আক্রমণের মুখে তৃণমূল। এই আবহেই এবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পাওয়ায় বৃহস্পতিবার মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মোল্লাবাড়ি ও জনমদল এলাকার বঞ্চিত একাংশরা ঘরের দাবিতে হাতে প্লে কার্ড নিয়ে বিক্ষোভে সামিল হলেন। বঞ্চিত গ্রামবাসীদের অভিযোগ,যাদের পাকা বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, রেফ্রিজারেটর আছে, জমি রয়েছে এবং এর পূর্বে যারা সরকারি বাড়ি পেয়েছে সদ্য প্রকাশিত আবাস যোজনা তালিকায় তাদেরই নাম রয়েছে।এমনকি একেকটি পরিবারে দুই থেকে তিনটি বাড়ি এসেছে বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে রাজনৈতিক চাপানউতোর।

অপরদিকে গ্রামের হতদরিদ্র দিনমজুর পরিবারগুলি আবাস যোজনার তালিকা থেকে বঞ্চিত রয়েছে। জানা গিয়েছে, মোল্লাবাড়ি ও জনমদল গ্রামের অধিকাংশ মানুষই দিনমজুর ও কৃষিজীবী। গ্রামের বেশিরভাগ বাড়ির অবস্থাই একেবারে বেহাল। কারও মাটির বাড়িতে টালির ছাউনি,কারও বা বাড়ির মাথায় কোন রকমে প্লাস্টিকের আচ্ছাদন দেওয়া। ফলে কৃষিজীবী এই পরিবারগুলির দীর্ঘদিনের দাবি,আবাস যোজনায় তাঁদের ঘর দেওয়া হোক। কিন্তু প্রকৃত মানুষদের বঞ্চিত করে টাকার বিনিময়ে অন্যান্যদের ঘর দেওয়ার অভিযোগ বাসিন্দাদের একাংশের। নতুন তালিকা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেঁটে পড়ে এলাকাবাসী। তবে দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান না হলে আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের দাবিও তুলেছেন ‘বঞ্চিত’ গ্রামবাসীরা।

এদিকে, আবাস যোজনায় কারচুপি এড়াতে আরও কড়া নবান্ন। যে সমস্ত গ্রামে ১৫ শতাংশ বা তার কম উপভোক্তার নাম বাদ পড়েছে, সেই সমস্ত তালিকা দ্বিতীয়বার সমীক্ষার নির্দেশ দিল নবান্ন। কারা সেই সমীক্ষা করবে, কীভাবে সেই সমীক্ষা হবে, সেই সংক্রান্ত বিস্তারিত নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। আবাস যোজনা নিয়ে প্রথম দফায় সমীক্ষা করেছে আশা বা অঙ্গনওয়াড়ি কর্মীরা। সেই তালিকা খতিয়ে দেখবে বিডিও অফিস। সেই তালিকায় যদি ১৫ শতাংশ বা তার কম উপভোক্তার নাম বাদ গিয়ে থাকে, তাহলেই ফের সমীক্ষা হবে সেই গ্রামে। সমীক্ষকদের উপযুক্ত নিরাপত্তা দিতে হবে। প্রয়োজনে তাঁদের সঙ্গে পুলিশও থাকবে। যাতে কোনওভাবেই কোনও অযোগ্য উপভোক্তার নাম তালিকায় না থাকে। নবান্নের তরফে ১৫ দফা শর্ত রাখা হয়েছে। এই শর্তপূরণ হলে আবাস যোজনার সুবিধা পাবে না উপভোক্তারা।

About Post Author