সময় কলকাতা ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য সুবীরেশ ভট্টাচার্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতে সুবীরেশের আবেদন ছিল, সিবিআইয়ের এফআইআর-এ নাম নেই তাঁর। তদন্ত শেষ, তারপরও তাঁকে ধরে রাখা হয়েছে। তাই জামিন দেওয়া হোক তাঁকে। বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, তদন্তে অসহযোগিতা করার অভিযোগে সুবীরেশকে গ্রেফতার করেছে। ২১ ডিসেম্বরের মধ্যে সিবিআইকে এই মামলার রিপোর্ট জমা দিতে হবে।

উল্লেখ্য, এসএসসির নবম-দশমে শিক্ষক এবং গ্রুপ-সি, গ্রুপ-ডি পদে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এই আবেদন জানানো হয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তাঁদের গ্রেপ্তার করে।

বর্তমানে সুবীরেশ ও কল্যাণময় দু’জনেই রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচার বিভাগীয় হেফাজতে।সিবিআই তদন্তে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ অযোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করতেন, আর কল্যাণময় তাঁদের নামে নিয়োগপত্র গোপনে তৈরি করাতেন।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের