সময় কলকাতা ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষকে সশরীরের হাইকোর্টে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষের। তিনি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের পাশাপাশি একজন প্রাথমিক শিক্ষকও। শুধু তাই নয়, তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটির সদস্যও বটে।

অভিযোগ, নিজের ক্ষমতা বলে তিনি টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন, এমন অভিযোগে মামলা দায়ের হয় হাইকোর্টে। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাইমারি শিক্ষক নিয়োগের এক মামলার শুনানি ছিল। সেই শুনানিতে মামলাকারীর আইনজীবী আদালতে জানান, কোয়েনা দে নামে এক মহিলার কাছ থেকে চাকরি পাইয়ে দেবে বলে দেবজ্যোতি ঘোষ টাকা নিয়েছেন। আরও অভিযোগ, দেবজ্যোতি ঘোষের পাসপোর্টে লেখা আছে তিনি নাকি অষ্টম শ্রেণি পাশ! তাহলে কীভাবে তিনি প্রাথমিকে চাকরি পেলেন সেই নিয়েও প্রশ্ন উঠছে। সওয়াল জবাব শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, ১৬ ডিসেম্বরে মধ্যে আদালতে হাজিরা দিতে হবে দেবজ্যোতি ঘোষকে। হাজিরা নিশ্চিত করার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি