Home » পুনর্বাসন ছাড়া একজনকেও উচ্ছেদ করা যাবে না সাফ জানিয়ে দিলেন মমতা

পুনর্বাসন ছাড়া একজনকেও উচ্ছেদ করা যাবে না সাফ জানিয়ে দিলেন মমতা

সময় কলকাতা ডেস্ক: মিনিট চল্লিশের বেশি সময় ধরে নবান্নে বৈঠক হল পূর্বাঞ্চলীয় পরিষদের। অমিত শাহর সভাপতিত্বে ওই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে এখনও রাজ্য বা কেন্দ্রের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা না হলেও সূত্র মারফত জানা গিয়েছে রেল এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য অব্যবহৃত জমির প্রসঙ্গটি রাজ্যের তরফে তুলে ধরা হয় বৈঠকে। এদিনের বৈঠকে রেলের জমি সমস্যা নিয়ে আলোচনা হয়। রেলের বহু জমি জবরদখল হয়ে রয়েছে বলেই দাবি করেন সংশ্লিষ্ট বোর্ডের সদস্য (ওয়ার্কস) ব্রিজেশ কুমার।

শনিবারের বৈঠকে রেল বোর্ডের সদস্য (ওয়ার্কস) ব্রিজেশ কুমার জানান, বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় রেলের বহু প্রকল্প চলছে। বেশ কয়েকটি জায়গায় জমি নিয়ে সমস্যা আছে। জমি জট সমাধানের অনুরোধও জানান তিনি। অমিত শাহ রেলের জমি থেকে জবরদখলকারীদের উচ্ছেদ করার কথা বললে পুনর্বাসন ছাড়া একজনকেও উচ্ছেদ করা যাবে না বলেই সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি পাচার সমস্যা মোকাবিলায় রাজ্য পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব সংক্রান্ত বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়েছে বলে সূত্রের খবর। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নবান্ন সভাঘরে একই মঞ্চে মুখোমুখি হন শাহ-মমতা।

এদিনের বৈঠকে যোগ দেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের ডিজিপি হোম সেক্রেটারি চিপ সেক্রেটারি সহ উচ্চপদস্থ আধিকারিকরা। নবীন পট্টনায়েক বৈঠকে অনুপস্থিত থাকলেও রয়েছেন ওড়িশার দুই মন্ত্রী।

 

About Post Author