সময় কলকাতা ডেস্কঃ নিত্য যাত্রীদের জন্য বিরাট সুখবর! সাঁতরাগাছি সেতুর মেরামতির কাজ প্রায় শেষের দিকে। ২৩ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সাঁতরাগাছি সেতু পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে নবান্নের। জোরকদমে চলছে মেরামতির কাজ। সূত্রের খবর, এই সেতুতে ৪১টি ‘এক্সপ্যানশন জয়েন্ট’ রয়েছে। যার মধ্যে ২০ টি এক্সপ্যানশন জয়েন্ট বদলানোর কথা রয়েছে। ১৯ টি জয়েন্ট ইতিমধ্যেই বদলানো হয়ে গিয়েছে। ফলে বাকি একটি জয়েন্ট বদলানোর কাজ কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। তার পরেই এই সেতু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলেই জানা গিয়েছে।সোমবার সেতু চালু হওয়ার খবর নিশ্চিত করেছেন পূর্ত মন্ত্রী পুলক রায়। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পূর্ত দফতরকে নির্দেশ দিয়েছিলেন, ২৫ ডিসেম্বর পিকনিকের আমেজে যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, সেই জন্য সাঁতরাগাছি সেতু সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে। এই মর্মে রবিবার ইঞ্জিনিয়রদের সঙ্গে একটি বৈঠকও করেন পূর্তমন্ত্রী পুলক রায়।

উল্লেখ্য,১৯ নভেম্বর মধ্যরাত থেকেই বন্ধ হয়ে যায় সাঁতরাগাছি সেতু দিয়ে ভারী যান চলাচল। স্বাস্থ্য পরীক্ষা এবং সেতু সংস্কারের জন্যই ৩১ ডিসেম্বর পর্যন্ত সাঁতরাগাছি সেতুতে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ২ বা ৪ চাকার হালকা গাড়ি গুলিই সেতু দিয়ে যাতায়াত করতে পারবে বলেই সূত্রের খবর। এক্ষেত্রে পণ্যবাহী ভারী গাড়িগুলিকে আন্দুল রোড, মাকড়দহ রোড ও নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে চালানো হবে। আপাতত সেতুর স্বাস্থ্য পরীক্ষা হলেও আগামীতে সেতুটি সম্পূর্ণ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
হাওড়া সিটি পুলিশের তরফে জানা গিয়েছে, রাত ১১টার পর কলকাতামুখী মালবাহী গাড়ি দ্বিতীয় সেতুর টোল প্লাজা হয়ে আন্দুল রোড দিয়ে আসতে পারবে। এছাড়া নিবেদিতা সেতু হয়েও মালবাহী লরি ট্রাক নিবেদিতা সেতু হয়ে কলকাতায় ঢুকতে পারবে। অন্যদিকে, খড়গপুর থেকে আসা পণ্যবাহী ভারী ট্রাক টালার দিকে যেতে হলে ধূলাগড়, নিবড়া, সিসিআর ব্রিজ হয়ে নিবেদিতা সেতু হয়ে টালা ব্রিজ ধরতে পারবে। দেড় মাস রাত এগারোটা থেকে সকাল ৬টার মধ্যে এভাবেই চলবে গাড়ি চলাচল। যদিও আমতা রোড, ডাঃ ভোলানাথ চক্রবর্তী রোড দিয়ে সবসময় যাতায়াত করতে পারবে গাড়ি ও বাস।

নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে, সাঁতরাগাছি সেতুটির পরিকাঠামোগত অবস্থা বর্তমানে খুবই খারাপ। সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী ২১টি এক্সটেনশন জয়েন্ট খারাপ হয়ে গিয়েছে। তারই মধ্যে সেতুটির উপর দিয়ে ২ চাকা, ৪ চাকা থেকে শুরু করে পণ্যবাহী ভারী গাড়িগুলি চলাচলের ফলে সেতুটির অবস্থা আরও খারাপ হয়েছে। এর ফলে নিত্যদিনই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তাই এই সেতুটি ভেঙে ফেলে অন্য একটি সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেক্ষেত্রে নতুন সেতু তৈরি করতে কমপক্ষে ২ থেকে ৩ বছর সময় লাগবে বলেই জানা গিয়েছে। এহেন পরিস্থিতিতে সাঁতরাগাছি সেতু দিয়ে যাতে ২ বা ৪ চাকার হালকা গাড়ি গুলিই চলাচল করতে পারে, সেজন্য ইতিমধ্যেই সেতুটির স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
প্রসঙ্গত,বেশ কিছুদিন ধরেই সাঁতরাগাছি সেতুটি দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এই সেতুর মাধ্যমেই অনেক কম সময়ে একপ্রান্ত থেকে অন্য আরেক প্রান্তে পৌঁছে যাওয়া যায়। তাই প্রাণের ঝুঁকি নিয়েই এই সেতুর উপর দিয়ে প্রতি মুহূর্তে ২ চাকা, ৪ চাকা গাড়ি সহ পণ্যবাহী ভারী গাড়ি গুলি যাতায়াত করে। এমনকী অফিস টাইমে প্রচণ্ড যানজটও হয়। দুর্বল হয়ে পড়া এই সেতুটি ভেঙে দিয়ে নতুন সেতু নির্মাণ করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে রেলকে জানানো হয়েছে। কিন্তু রাজ্য সরকারের সেই আবেদনে রেল কর্তৃপক্ষ কোনও সাড়া দেননি বলেই অভিযোগ। তাই সাঁতরাগাছি সেতুর বিকল্প হিসাবে এবার নতুন সেতু তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি