Home » আজই দিল্লি হাইকোর্টে অনুব্রত মামলার শুনানি

আজই দিল্লি হাইকোর্টে অনুব্রত মামলার শুনানি

সময় কলকাতা ডেস্ক:  অনুব্রতর দিল্লি যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছেন শিবঠাকুর। ইডি অনুব্রতকে তিহাড় জেলে যাতে না নিয়ে যেতে পারে, সেজন্য ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কেষ্টর আইনজীবীরা। বুধবার দিল্লি হাইকোর্টে মামলার শুনানি। আপাতত দুবরাজপুর জেলে অনুব্রত মণ্ডল। রাউস অ্যাভিনিউ কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রতর আইনজীবীরা। কী হতে পারে দিল্লি হাইকোর্টে? আইনজীবীদের একাংশের মতে,  দিল্লি হাইকোর্ট সব পক্ষকে নোটিশ জারি করতে পারে। পরবর্তী শুনানির দিন ধার্য করতে পারে হাইকোর্ট। সিব্বলের আবেদনে স্থগিতাদেশের নির্দেশ দিতে পারে। রাউস অ্যাভিনিউ কোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দিতে পারে।

উল্লেখ্য,গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে তৎপর ইডি। সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। এই মুহূর্তে গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন তিহাড় জেলে বন্দি। তদন্তের স্বার্থে বীরভূমের তৃণমূল সভাপতিকেও দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই ইতিমধ্যেই সুকন্যা মণ্ডলকে জেরা করেছে ইডি। এরপর এই মামলায় ইডির নজরে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন। তাদেরকেও জেরা করতে তলব করতে পারে ইডি, এমনটাই সূত্রের খবর। সায়গলের পর অনুব্রতকেও কি দিল্লিতে নিয়ে যেতে পারবে ইডি, সেদিকেই নজর সকলের।

About Post Author