Home » সুবীরেশের জামিনের আবেদন খারিজ

সুবীরেশের জামিনের আবেদন খারিজ

সময় কলকাতা ডেস্ক: এসএসসি দুর্নীতি মামলায় খারিজ হয়ে গেল অভিযুক্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর জামিনের আবেদন। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। সুবীরেশের মূলত আবেদন ছিল, নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায়। কিন্তু, এরমধ্যেই গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে সুবীরেশকে হেফাজতে নিয়েছে সিবিআই। আগের শুনানিতে সুবীরেশের আইনজীবীরা বলেছিলেন, যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে তার এফআইআরে সুবীরেশের নাম ছিল না। এমনকী, সিবিআই প্রথম দফার যে চার্জশিট দিয়েছে তাতেও নাম নেই মক্কেলের। তাহলে কেন তাঁকে আটকে রাখা হচ্ছে। এ নিয়ে সিবিআইয়ের কাছে রিপোর্ট চায় আদালত।

সুবীরেশের আইনজীবী বলেন, “সুবীরেশবাবু পদে থাকাকালীন এই সব ঘটনা ঘটেনি। ২১ অক্টোবরের চার্জশিট মোতাবেক অভিযোগ, মৌখিক নির্দেশে প্রোগ্রামিং অফিসার নাকি উত্তরপত্র (ওএমআর শিট) পরিবর্তন করেছেন। কম নম্বর পেয়েছেন এমন প্রার্থীদের বেশি নম্বর দেওয়া হয়েছে। এ ছাড়া এসএসসির ওয়েবসাইটে নম্বর পরিবর্তন করা হয়েছে। যে সময়কার কথা, এই নিয়োগ প্রক্রিয়ার জন্য তৈরি কমিটির মাথায় ছিলেন শান্তিপ্রসাদ সিনহা।”

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বতঃপ্রণোদিত হয়ে বলেন ২২ ডিসেম্বরের আগে গ্রুপ সি মামলায় জেলা আদালতে পেশ করতে হবে সুবীরেশকে। ক’দিন আগেই গ্রুপ সি নিয়োগ মামলায় সুবীরেশকে সিবিআই হেফাজতে পাঠিয়েছে আলিপুর আদালত।

About Post Author