Home » অনুব্রতর মামলায় বেঞ্চ বদল

অনুব্রতর মামলায় বেঞ্চ বদল

সময় কলকাতা ডেস্কঃ দিল্লি যাওয়া আটকাতে রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। বুধবার সেই মামলার শুনানির শুরুতেই আইনজীবী কপিল সিব্বলের আবেদনে সায় দিয়ে বদল হল বেঞ্চ।

বুধবার দিল্লি হাইকোর্টের বিচারপতি জয়রাম ভাম্বানির বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। শুনানির শুরুতেই কপিল সিব্বল জানান, যাতে মামলা বিচারপতি যশমিত সিং-এর বেঞ্চে পাঠানো হয়। সেই আর্জিতে সায় দিয়েছেন বিচারপতি ভাম্বানি। তবে এদিন বিচারপতি যশমীত সিং-এর বেঞ্চে এই মামলার শুনানি হবে কি না, সেই সিদ্ধান্ত নেবেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি। গরু পাচার মামলায় রাউস অ্যাভিনিউ কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টে একটি মামলা হয়। সেই মামলা ওঠে বিচারপতি যশমীত সিং-এর বেঞ্চে। এমনকী, সায়গল হোসেন বা বিনয় মিশ্রের গরু পাচার সংক্রান্ত মামলাও ওই বিচারপতি সিং-এর বেঞ্চে চলছে বলে দাবি করেই বেঞ্চ পরিবর্তনের আর্জি জানান সিব্বল। সেই আর্জি মেনে নেন বিচারপতি ভাম্বানি।

উল্লেখ্য, গরু পাচার মামলায় জেরা করতে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল রাউস অ্যাভিনিউ কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত।

About Post Author