Home » চিনে বাড়ছে করোনা, আগাম সতর্কতা কেন্দ্রের 

চিনে বাড়ছে করোনা, আগাম সতর্কতা কেন্দ্রের 

সময় কলকাতা ডেস্ক: চিনে বাড়ছে করোনা। সঙ্গে আতঙ্ক বাড়ছে ভারতেও। করোনার ঢেউ ফের এদেশে আছড়ে না পরে, তার জন্য আগাম সতর্কতা নিচ্ছে কেন্দ্র। এই মুহূর্তে চিন ও অন্যান্য দেশ থেকে আসা সমস্ত যাত্রীর ব়্যাপিড টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই মর্মে বিমানবন্দরগুলিতে নির্দেশিকাও পাঠানো হয়েছে ।

বুধবার কোভিড পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্য। এদিনের বৈঠকে ছিলেন স্বাস্থ্য দফতরের একাধিক পদস্থ আধিকারিক। বিশ্বের করোনা পরিস্থিতির পাশাপাশি দেশের অবস্থা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ফের আগের মতো বিমানবন্দরগুলিতে ব়্যাপিড টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠকের পর মনসুখ মান্ডব্য বলেন, “কোভিড এখনও শেষ হয়ে যায়নি। সমস্ত রকমের সতর্কতা নেওয়ার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, তার জন্য সরকার নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে।”

এর মধ্যেই ভারতে মিলেছে কোভিডের অতিসংক্রামক ভ্যারিয়্যান্ট BF.7-র হদিশ। এখনও পর্যন্ত তিন জনের শরীরে এই প্রজাতির করোনা পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত বছরের অক্টোবরে ওডিশায় এক ব্যক্তির দেহে করোনার BF.7 ভ্যারিয়্যান্টের হদিশ মিলেছিল। সেটাই ছিল এই ভ্যারিয়্যান্টের প্রথম আক্রান্তের হদিশ। পরে গুজরাটের ভদোদরায় আরও এক বৃদ্ধাও ভাইরাসের এই প্রজাতিতে আক্রান্ত হন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গুজরাটে ফিরেছিলেন তিনি। তবে এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত দু’জনেই বর্তমানে করোনা মুক্ত বলে জানিয়েছে কেন্দ্র।

About Post Author