Home » বাংলাদেশে মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশে মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান! বাংলাদেশের মানচিত্রে বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো চলতে শুরু করেছে স্বপ্নের মেট্রোরেল। এমআরটি লাইন-৬ নামে পরিচিত এই মেট্রোরেলের পুরো পথটি নির্মাণ করা হয়েছে ভায়াডাক্টের ওপর। এর মধ্য দিয়ে নতুন দ্বার উন্মোচন হয়েছে বাংলাদেশের, স্বপ্নপূরণ হয়েছে বাংলার মানুষের। ঢাকার বুকে এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে। এই পথে স্টেশন রয়েছে ৯টি। বুধবার বেলা ১১টা ৫ মিনিটে দ্রুতগামী এই যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুতগামী এই যোগাযোগ ব্যবস্থার প্রকল্পে ব্যয় হয়েছে মোট ৩৩ হাজার ৪১৭ কোটি ৯৯ লাখ টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকার দিয়েছে ১৩ হাজার ৭৫৩ কোটি ৫২ লাখ টাকা এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি সহজ শর্তে ১৯ হাজার ৭১৮ কোটি ৪৭ লাখ টাকার ঋণ দিয়েছেন।

ঢাকা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করবে মেট্রো। তবে,ধীরে ধীরে মেট্রোরেল চলাচলের সময়সীমা ও ট্রেন সংখ্যা বাড়ানো হবে। আর এই মেট্রোরেল পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। যদিও এখনই সব স্টেশনে দাঁড়াবে না মেট্রোরেল।

ঢাকা মেট্রোরেলের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, ২০২৩-এর ২৬ মার্চ থেকে সব স্টেশনে দাঁড়াবে মেট্রোরেল। আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলবে। কিন্তু এর মাঝখানে থাকা কোন স্টেশনে ট্রেন থামবে না। ২০২৩-এর ডিসেম্বরের মধ্যেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে। আর ২০২৫ সালে কমলাপুর পর্যন্ত চলবে মেট্রো। উত্তরা থেকে মতিঝিল যেতে মেট্রোতে সময় লাগবে মাত্র ৩৮ মিনিট। সেই সময়ে দিনে প্রায় ৫ লাখ যাত্রী ঢাকা মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন। জানা গিয়েছে,যাত্রীদের ওঠানামার জন্য ১০ মিনিট করে থামবে ট্রেন। মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে৬০ টাকা। যদিও মেট্রো রেলে ‘ হাফ ভাড়া’ থাকছে না। তবে,‘স্থায়ী কার্ড’ যাঁদের থাকবে, তাঁদের জন্য ১০ শতাংশ ছাড় রয়েছে। এদিকে,মেট্রোরেলে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মুক্তিযোদ্ধারা।

About Post Author