Home » বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্যের ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্যের ২০২২

সময় কলকাতা ডেস্কঃ বিদায় নিয়েছে ২০২২ সাল। তবে, বাইশ সাল জুড়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ। বছরজুড়েই এছাড়া স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে বছরব্যাপী কর্মব্যস্ত সময় পার করেছে দলের নেতাকর্মীরা। এছারাও গত ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন এবং সবশেষ গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধনের মধ্যদিয়ে ২০২২ সালটি ইতিহাসের পাতায় লেখা থাকবে।

বছর শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় সাংগঠনিক সাফল্য দলটির ২২তম জাতীয় সম্মেলন। গত ২৪ ডিসেম্বর বাংলাদেশের রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। এতে নির্ধারণ হয় দলটির আগামী তিন বছর শীর্ষস্থানীয় নেতৃত্ব। এবারের সম্মেলনে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে শেখ হাসিনা ৪১ বছর ধরে দলটির সভাপতির দায়িত্ব পালন করছেন। আর সাধারণ সম্পাদক পদে হ্যাটট্রিক করে পুননির্বাচিত হন ওবায়দুল কাদের। এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এজন্য সভা-সমাবেশে সরাসরি যোগ দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১৭ অক্টোবর সারাদেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন পার্বত্য জেলা বাদে ৬১টি জেলা পরিষদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গেলো দু’বছর করোনার প্রভাবে দেশের অর্থনীতিতে যে মন্দাভাব সৃষ্টি হয়েছিল, চলতি বছর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মধ্য দিয়ে সেটি আরও গভীর হয়। তারপরও এ বছরই বাঙালির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন এই সরকার। তা হলো- স্বপ্নের পদ্মা সেতু ও মেট্রোরেলের উদ্বোধন। এসব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকারের জন্য ২০২২ সালটি- অনবদ্য ও সাফল্যের বছর হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে।

About Post Author