Home » জোকা-তারাতলা মেট্রোরেলের ভার্চুয়ালি উদ্বোধনে প্রধানমন্ত্রী

জোকা-তারাতলা মেট্রোরেলের ভার্চুয়ালি উদ্বোধনে প্রধানমন্ত্রী

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ জোকা-তারাতলা মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদ থেকেই ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিন উদ্বোধনের পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জোকা তারাতলা মেট্রো পরিদর্শন করেন।

২ জানুয়ারি সকাল ৮টা থেকে জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা শুরুর কথা রয়েছে। যদিও সময়সূচী এখনও পর্যন্ত ঠিক হয়নি। ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে বলেই জানা গিয়েছে। এই রুটের সর্বনিম্ন ভাড়া থাকছে পাঁচ টাকা আর সর্বোচ্চ ভাড়া থাকছে ২০ টাকা। এই মেট্রো চালু হওয়ায় অবশেষে বেহালাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে। সূত্রের খবর, সিগন্যালিং ব্যবস্থা চালু না হওয়ায় এই রুটে বর্তমানে অল্প সংখ্যক মেট্রো চলবে। এই রুটে জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা-এই ছ’টি স্টেশন রয়েছে। অন্যদিকে,এই স্টেশনগুলিতে এখনও স্মার্টগেট বসানো হয়নি। তাই, প্রাথমিকভাবে পেপার টিকিট দিয়ে চালু হতে পারে পরিষেবা।

জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালু হলে ডায়মন্ড হারবার রোডের উপর অনেকটাই যান চলাচলের চাপ কমবে। বর্তমানে এসি রেক চালিয়েও লাইন পরীক্ষা করা হচ্ছে। চলতি বছর নভেম্বর মাসেই জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালুর ছাড়পত্র দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি। শর্তসাপেক্ষে দেওয়া হয় ছাড়পত্রও। সম্প্রতি, জোকা-তারাতলা মেট্রোর নিরাপত্তা খতিয়ে দেখতে জোকা মেট্রো স্টেশনে এসেছিলেন উত্তরপূর্ব সীমান্ত রেলের সেফটি কমিশনার লতিফ খান। সেসময় কন্ট্রোল রুম থেকে শুরু করে মেট্রোর লাইন এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা পুরোটাই খতিয়ে দেখেন সেফটি কমিশনার।

প্রসঙ্গত, পুজোর আগেই জোকা থেকে তারাতলা পর্যন্ত মোট সাড়ে ৬ কিমি পথে ট্রায়াল রান হয়ে গিয়েছিল। তারপর থেকেই সেফটি কমিশনারের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল এই রুট। কলকাতা মেট্রোর লাইন-থ্রি বা জোকা-ধর্মতলা রুটের ১৪ কিলোমিটারের মধ্যে সাড়ে ছ’ কিলোমিটারের রুট ফেজ-ওয়ানে এই ভাবেই পরিষেবা চালু করার পরিকল্পনা ছিল প্রকল্প নির্মাণের ভারপ্রাপ্ত সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের।

About Post Author