Home » হাওড়া থেকে যাত্রা শুরু করল বন্দে ভারত

হাওড়া থেকে যাত্রা শুরু করল বন্দে ভারত

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে হাওড়া থেকে যাত্রা শুরু করল বন্দে ভারত এক্সপ্রেস।

হাওড়া থেকে শুরু হয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা। শুক্রবার সাড়ে ১১টা নাগাদ ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদ থেকেই উদ্বোধনে অংশ নেন প্রধানমন্ত্রী। এই ট্রেন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই পূর্ব ভারতের রেল মানচিত্রে একটি বড় মাইলফলক স্থাপিত হল। কারণ, এর আগে সারা দেশে মোট ৬টি বন্দে ভারত চালু হলেও কলকাতা তথা পূর্ব ভারতের জন্য এটিই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এদিনের অনুষ্ঠানে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিশেষ মঞ্চ স্থাপন করা হয়েছিল ২৩ নম্বর প্লাটফর্মে।

হাওড়া থেকে মালদা হয়ে নিউ জলপাইগুড়ি রুটে চলবে দেশের সর্বোচ্চ গতির এই ট্রেন।বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার। ২০১৯ সাল থেকে ভারতে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতজুড়ে বিভিন্ন রুটে বর্তমানে ছ’টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এই ট্রেনটি বর্তমানে সব রুটেই চলছে ১৫০ থেকে ১৬০ কিলোমিটার বেগে। হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে কলকাতা ও উত্তরবঙ্গের পৌঁছতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘণ্টা।

About Post Author