সময় কলকাতা ডেস্ক,১ জানুয়ারি :
নতুন বছরের শুরুতেই ছড়াল আতঙ্ক। রাত ১টা ১৯ মিনিট নাগাদ ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-হরিয়ানা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঝাজ্জর থেকে ১২ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। নতুন বছরের প্রথম দিনই ভূমিকম্প হওয়ায় তৈরি হয়েছে আতঙ্ক। যদিও এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, শনিবার মধ্য রাতে ভূমিকম্প অনুভূত হয় দিল্লি, হরিয়ানা সহ একাধিক জায়গায়।

প্রসঙ্গত,কিছুদিন আগেও একবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। সেসময় ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপাল ছিল বলেই জানা গিয়েছে। সুত্রের খবর,কম্পন অনুভূত হয় নয়ডা, গুরুগ্রামেও। তবে বড়সড় ক্ষতি কিংবা হতাহতের খবর ছিল না। দিল্লি ছাড়াও কম্পন অনুভূত হয়েছিল উত্তরাখণ্ড, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বেশ কয়েকটি অংশে। পাশাপাশি, নেপালের ভূমিকম্প পর্যবেক্ষণ মন্ত্রক জানিয়েছিল, বাজহাং জেলার পাতাদেওয়ালে রাত ৮ বেজে ১২ মিনিটে কম্পন অনুভূত হয়। প্রকৃত উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। একসপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার কেঁপে উঠল দিল্লি।


More Stories
জামাইকার বিরুদ্ধে লড়াই করে হারল ভারত
নাবালিকা ধ*র্ষণ-হ*ত্যার ঘটনায় পুলিশের হাসিঠাট্টা
রোহিঙ্গা ঠেকানো লক্ষ্য বিজেপির, বললেন খাদ্যমন্ত্রী