সময় কলকাতা ডেস্ক,১ জানুয়ারি :
বছরের শুরুতেই সুরাপ্রেমীদের জন্য জোর সুখবর। দিল্লি কলকাতা সহ দেশের অনেক অংশেই সুখবর ভেসে আসছে যা কার্যকর হওয়া সময়ের অপেক্ষা মাত্র।
ইতিমধ্যেই দিল্লির সুরাপ্রেমীদের সুখবর কার্যকরী হতে চলেছে। এবার থেকে সপ্তাহের সাত দিনই, চব্বিশ ঘণ্টা দিল্লির বেশকিছু হোটেল, বার, রেস্তোরাঁয় মিলবে মদ। বর্ষবরণের আগেই শনিবার দিল্লিতে নয়া আবগারি নীতিতে বড় পরিবর্তনের অনুমোদন দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। এক্ষেত্রে সরকারকে প্রয়োজনীয় ফি দিলেই পাওয়া যাবে লাইসেন্স। রাজধানী দিল্লির চার বা পাঁচ তারা হোটেলের সব রেস্তোরাঁ গুলিতেই সারাদিন মদ পাওয়া যাবে। এমনকী এই নতুন নিয়ম কার্যকর হবে রাজধানী দিল্লির স্টেশন, এয়ারপোর্টের বারেও। এর পাশাপাশি আন্তঃরাজ্য বাস টার্মিনাসে থাকা হোটেলে বা বারেও নতুন বছর থেকে চব্বিশ ঘণ্টা মদ বিক্রি করা যাবে।

সূত্রের খবর চলতি বছরের ২৬ জানুয়ারি থেকেই রাজধানীর দিল্লির হোটেল ব্যবসায়ীরা নতুন এই আবগারি নীতি কাজে লাগানোর সুযোগ পাবেন। এতদিন রাজধানী দিল্লির চার বা পাঁচ তারা হোটেলের একটি মাত্র রেস্তোরাঁতে মদ বিক্রির লাইসেন্স দেওয়া হত। তবে, এবার থেকে সব চার বা পাঁচ তারা হোটেলের সব রেস্তোরাঁগুলিতেই মদ বিক্রি করার অনুমোদন দিল। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং আন্তঃরাজ্য বাস টার্মিনাসে তিন তারা হোটেলে রাত দু’টো পর্যন্ত এবং অন্য সব হোটেলগুলিতে রাত একটা পর্যন্ত মদ বিক্রি করা যাবে।

অন্যদিকে, কলকাতার সুরাপ্রেমীদের জন্যও দারুণ সুখবর। এবার রাস্তার ধারে দোকানে দাঁড়িয়ে মদ কেনার দিন শেষ হতে চলেছে কলকাতাবাসীর। কেননা সবকিছু ঠিক থাকলে কিছুদিন পর থেকেই ঝাঁ চকচকে শপিং মলে এসির ঠান্ডা হাওয়া খেতে খেতে নিজের পছন্দ অনুযায়ী মদ কিনতে পারবেন সুরাপ্রেমীরা। শুধু মদ কেনাই নয়, ওই শপিং মলে সুরাপানের ব্যবস্থাও থাকবে। জানা গিয়েছে,খাস কলকাতার এজেসি বোস রোডের উপরে হতে পারে পূর্বভারতের প্রথম মদের শপিংমল। শপিং মলে মদের আলাদা কোনও ডিপার্টমেন্টাল স্টোর নয়, এবার একটা গোটা শপিংমলেই বিক্রি হবে বিভিন্ন ব্র্যান্ডের মদ। একই ছাদের তলায় মিলবে ভিন্ন দেশের ব্র্যান্ডের মদ। শপিংমল ঘুরে পছন্দসই ব্র্যান্ডের মদ কেনার সুযোগ পাবেন সুরাপ্রেমীরা। ইচ্ছে হলে মনোরম পরিবেশে মলে বসে সুরাপানও করা যাবে। ইতিমধ্যেই এই এক্সক্লুসিভ শপিং মল খোলার প্রস্তুতি শুরু করেছে একটি বেসরকারি সংস্থা।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র মদের শপিং মল করার জন্য ছাড়পত্র দিতে সম্প্রতি আবগারি বিধিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। গেজেট নোটিফিকেশনও করা হয়েছে। তবে মদ বিক্রির ক্ষেত্রে এখনও যে সমস্ত বিধিনিষেধ লাগু রয়েছে, তা শপিং মলেও অবশ্যই বজায় থাকবে। আবগারি দফতরের আধিকারিকদের দাবি, দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতেও এরকমই একটি মদের শপিং মল রয়েছে। সুরাপ্রেমীদের পাশাপাশি সেই মল দেখতে ভিড় জমান পর্যটকরাও।


More Stories
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
কেক কেটে ঈদ উদযাপন
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?