Home » বছরের প্রথম দিনে কড়া নিরাপত্তায় শহর কলকাতা

বছরের প্রথম দিনে কড়া নিরাপত্তায় শহর কলকাতা

সময় কলকাতা ডেস্ক,১ জানুয়ারি :বছরের প্রথম দিনের শীতের সকাল। সকাল সকাল উৎসবের মেজাজে কচিকাচার কিচিরমিচিরে মুখরিত ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রধান গেট। টিকিট কাউন্টারের লম্বাই লাইন জানান দিচ্ছে শহরে দ্রষ্টব্যের মধ্যে সেই অন্যতম। শ্বেত শুভ্র বিশালতার মাঝে সবুজ লন ,আর জলাধারে নয়নোভিরাম প্রকৃতি কলকাতার ফুসফুস দর্শনার্থীকে দিচ্ছে প্রাণভরা নিঃশ্বাস নেওয়ার সুযোগ। বিপুল মানুষের সমাগম হকার্সদের ন্যাচারাল মার্কেট। টুপি থেকে খেলনা বিকিকিনির নানান পসরা নিয়ে ঘুরছেন বহু মানুষ। আর বছরের শুরুতেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে নিজেকে ফিরে দেখছেন বহু মানুষ। হুজুগে মেতে থাকা বাঙালীর দাপটে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ময়দান, চিড়িয়াখানার আকর্ষণ আজও অমলীন আধুনিক কলকাতায়।
অন্যদিকে বর্ষবরণে সাধারণ মানুষের কথা মাথায় রেখে রবিবার ও সোমবার শহরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অতিরিক্ত প্রায় ৫০০০ পুলিশকর্মী পথে নামিয়েছে লালবাজার। ১ তারিখ রাতে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, নিউ মার্কেট চত্বরের ভিড় সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো এবং হোটেলের লগবুকে নাম এং পরিচয়পত্রের উল্লেখ বাধ্যতামূলক করতে বলা হয়েছে। সূত্রের খবর,১ জানুয়ারিতে শহরে মোতায়েন থাকছে ২৩০০ পুলিশ। যানজট রুখতে পার্ক স্ট্রিটকে ‘নো পার্কিং জোন’ করা হয়েছে।


জানা গিয়েছে,‘ওয়ান ওয়ে’ গাড়ি চলবে। রাসেল স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটে গিয়ে বাইক এবং গাড়ি পার্কিং করতে হবে। এদিকে, পার্ক স্ট্রিটের জন্যর আলাদা করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। মোট ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে পার্ক স্ট্রিটকে। গোটা পরিস্থিতির নজরদারিতে রয়েছেন ১১ জন ডিসি। ১১টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে। এমনকী রয়েছে ড্রোনের ব্যবস্থাও। পার্ক স্ট্রিটে দূর দূরান্ত থেকে আগত মানুষদের সহায়তার জন্য রয়েছে ১৫টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। হোটেল ও রেস্তোরাঁ, পানশালাতেও পুলিশের কড়া নজরদারি। ৯৭ পয়েন্টে নাকা চেকিং রয়েছে। অপ্রীতিকর ঘটনা রুখতে ২০টি মোটর সাইকেলে করে পুলিশ টহলদারি চালানো হচ্ছে। ৫৮টি পিসিআর ভ্যানের মধ্যে ২৩টিই রয়েছে পার্ক স্ট্রিট চত্বরে। এছাড়াও রয়েছে ৭টি অ্যাম্বুল্যান্স।

About Post Author