Home » সৃজিতের হাত ধরে মৃণাল সেনের বায়োপিক “পদাতিক”

সৃজিতের হাত ধরে মৃণাল সেনের বায়োপিক “পদাতিক”

সত্যজিৎ রায়ের পরে মৃণাল সেনের বায়োপিক, সৃজিত কোন চমক দেখাবেন?

 মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আর কি চমক থাকছে?

সময় কলকাতা ডেস্ক,৩ জানুয়ারিঃ কেউ তাঁকে বলেন ‘সংলাপের জাদুকর’, কারও কাছে আবার তিনি ক্যামেরার লেন্সে দুনিয়াদারিতে এক সাহসী ও নিপুণ পরিচালক। তিনি, মৃণাল সেন। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের পর মৃণাল সেনই এমন একজন পরিচালক যাঁর হাত ধরে ভারতীয় চলচ্চিত্রের চালচিত্র এক নতুন দিশা খুঁজে পায়। কথায় আছে শিল্পীর মৃত্যু হলেও শিল্পের মৃত্যু হয়না। ঠিক তেমন ভাবেই মৃণাল সেন তাঁর সৃষ্টির মধ্য দিয়েই রয়ে গেছেন আমাদের মধ্যে। এই প্রজন্মের বিশিষ্ট পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সৃজনশীল ভাবনায় এবার সেলুলয়েডের পর্দায় আসবে মৃণাল সেনের স্মৃতিচারণা।


২০২২-এর ১৪ মে মৃণাল সেনের ৯৯ তম জন্মদিন উপলক্ষ্যে আগামী ছবির কথা ঘোষণা করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম ‘পদাতিক দ্য ফুট সোলজার।’মৃণাল সেনের জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই ছবির পরিকল্পনা করেছেন বলেই জানা গিয়েছে। ২০২৩ সাল অর্থাৎ আগামী বছরেই মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বড় পর্দায় মুক্তি পাবে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই ছবিটি। গত ৩০ ডিসেম্বর সৃজিত জানিয়েছিলেন,পদাতিক ছবিতে মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের খ্যাতনামা অভিনেতা চঞ্চল চৌধুরীকে। আর এবার বছরের শুরুতেই জানা গেল, পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী মনামী ঘোষ। এ প্রসঙ্গে মনামী বলেন, সৃজিত মুখোপাধ্যায় এবং চঞ্চল চৌধুরীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমি আশাবাদী, কাজটা খুব ভালো হবে। বাকিটা দর্শক বিচার করবে।’


কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পদাতিক ছবির পোস্টার শেয়ার করে সৃজিত মুখোপাধ্যায় লিখেছিলেন ‘কামিং সুন’। ছবির পোস্টারেও ছিল অভিনবত্ব। সাদা কালো ছবির পোস্টারে দেখা গিয়েছিল মৃণাল সেন বসে রয়েছেন রাস্তার ওপরে। একজন বাঙালি ও বাংলা ছবির দর্শক হিসেবে স্বর্ণযুগের স্বনামধন্য পরিচালক মৃণাল সেনের মতো ব্যক্তিত্বকে বড় পর্দায় দেখার জন্য ইতিমধ্যেই প্রহর গোনা শুরু করে দিয়েছে তাঁর ভক্তরা। সৃজিত নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,‘লকডাউন এর সময় থেকেই এই ছবির কথা সকলের সঙ্গে শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু তা আর হয়ে ওঠেনি। তবে মৃণাল সেনের জন্ম শতবার্ষিকীতে ভালো কিছুই হতে চলেছে। খুব চ্যালেঞ্জের সঙ্গেই নামতে হবে শুটিং ফ্লোরে।’

পরিশেষে একটি কথা উল্লেখ করা প্রয়োজন, টলিপাড়ায় এই মুহূর্তে সৃজিতের পদাতিক ছাড়াও মৃণাল সেনকে নিয়ে  দুটি চলচ্চিত্র নির্মাণের কাজ চলছে। কৌশিক গঙ্গোপাধ্যায় “পালান” নির্মাণ করছেন, অন্যদিকে অঞ্জন দত্ত ব্যক্তিগত কথোপকথন নির্ভর একটি ফিচার করছেন । নির্যাস,তিন খ্যাতনামা পরিচালকের হাত ধরে দর্শকদের মধ্যে ফিরে আসছেন মৃণাল সেন।।

About Post Author