Home » শেষবারের মত স্যান্টোসে ও’রেই

শেষবারের মত স্যান্টোসে ও’রেই

সময় কলকাতা ডেস্ক, ৩ জানুয়ারিঃ ব্রাজিল আর পেলে দুটি শব্দ সমার্থক। তিনি যখন মাঠে নামতেন তখন নাকি যুদ্ধ থেমে যেত। গত ২৯ ডিসেম্বর জীবনের যুদ্ধ থেমে গিয়েছে এডসন অ্যারানটিস দো নাসিমেন্ট বা পেলের। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

সোমবার ফুটবল সম্রাটের নিথর দেহটি নিয়ে যাওয়া হল তাঁর পুরনো ক্লাব স্যান্টোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। ১৯৫৬ থেকে ১৯৭৪ এই মাঠের ঐতিহাসিক মুহূর্তগুলিকে আজও ঈর্ষা করে বিশ্বের প্রথম সারির স্টেডিয়ামগুলি। কারণ ১৮ বছর এই স্টেডিয়ামই ছিল ফুটবল সম্রাটের চারণভূমি।

এক সময় তাঁর স্টেডিয়ামে ঢোকার অপেক্ষায় থাকত হাজার হাজার ফুটবল অনুরাগী। এডসন থেকে পেলে হয়ে ওঠার মহাকাব্যের সাক্ষী এই স্টেডিয়ামের সবুজ ঘাস। অসংখ্য স্মরণীয় গোল, অসংখ্য জয়ের স্মৃতি, অসংখ্য মানুষের কলরব।

আজ সব শান্ত। আজ রাজপ্রাসাদ থাকলেও রাজা নেই। সেই বেলমিরোতেই আরেকবার ফিরল ঘরের ছেলে। তবে এবার কফিনবন্দি হয়ে। ঘরের ছেলেকে শেষ বিদায় জানাতে প্রস্তুত হচ্ছে স্যান্টোস। বেলমিরোতে ফুল হাতে ভিড় হয়েছে কাতারে কাতারে মানুষ তাঁদের ও’রেই বা সম্রাটকে শেষ শ্রদ্ধা জানাতে।

About Post Author