সময় কলকাতা ডেস্ক, ৪ জানুয়ারি : গঙ্গাসাগর মেলার আয়োজন খতিয়ে দেখতে বুধবার গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। জানা গিয়েছে, এবারের গঙ্গাসাগরের মেলার বিশেষ আকর্ষণ হল সাগর আরতি। আর কুম্ভস্নান শুরু হচ্ছে ১৪ তারিখ। পুণ্যস্নানের সময় ২৪ ঘণ্টা। গঙ্গাসাগর মেলা উপলক্ষে ২২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাস চালু থাকবে। ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ চলবে। ১০টি ফায়ার স্টেশন, ২৫টি দমকলের ইঞ্জিন মোতায়েন রাখা হবে বলেই সূত্রের খবর।

উল্লেখ্য, গত দু বছর করোনার জেরে অনেক বিধিনিষেধ মেনে মেলার আয়োজন করতে হয়েছিল। কিন্তু এবার আশা করা হচ্ছে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ পূর্ণ্যাথী এবার সাগরে আসবেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গোটা মেলার আয়োজন খতিয়ে দেখতেই বুধবার সাগর সফরে মুখ্যমন্ত্রী। এই দুদিনের সফরে কপিল মুনির আশ্রম এবং ভারত সেবাশ্রম সংঘে যাবেন মমতা। উদ্বোধন করবেন নতুন হেলিপ্যাডের। সমস্ত প্রস্তুতি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখতে গঙ্গাসাগরে রাত্রিবাসও করবেন তিনি। তবে সাগরে এবার ভাঙনের জেরে চিন্তা বেড়েছে প্রশাসনের। সরকার আগেই সাগর মেলাকে প্লাস্টিক মুক্ত মেলা হিসাবে ঘোষণা করেছেন। মেলা চলাকালীন যাতে সিঙ্গল ইউজ প্লাস্টিকের কোনও ব্যবহার না হয়, সেটা নিশ্চিত করতে কাজ শুরু করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে, মঙ্গলবারই মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে পরিস্থিতি পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু। পাশাপাশি, সাগরমেলার অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি।

এছাড়াও, ৯ থেকে ২৩ জানুয়ারির মধ্যে সাগরমেলা উপলক্ষে ১০৩ জন মেডিক্যাল অফিসার থাকবেন মেলার বিভিন্ন প্রান্তে। এর মধ্যে ১৮ জন থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসক। এ ছাড়াও প্রয়োজনে অন্যান্য স্বাস্থ্যজেলা থেকে আনা হবে অতিরিক্ত চিকিৎসক। সাগর মেলার পাঁচটি পয়েন্টে থাকছে বিশেষ স্বাস্থ্যকেন্দ্র।


More Stories
শুভেন্দু মুখ্যমন্ত্রী , আর কী ঘোষণা অমিত শাহের?
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
সরকার গঠন : রাজ্যপালের কাছে জমা পড়ল গেজেট নোটিফিকেশন