সময় কলকাতা ডেস্ক,৩ জানুয়ারিঃ গত ৩০ ডিসেম্বর উদ্বোধন হয়েছিল হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত হাইপারসনিক সুপারফাস্ট অত্যাধুনিক ট্রেনটির। কিন্তু নতুন বছরের শুরুতেই সেই ট্রেনে পাথর ছোঁড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল মহকুমার কুমারগঞ্জ এলাকায়। সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ট্রেনটি কুমারগঞ্জ এলাকায় পৌঁছাতেই ট্রেনে এলোপাথাড়ি কাঁচে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। ট্রেনের একটি কামরার দরজা এবং জানালার কাঁচের পাথরের আঘাতে চির ধরে গিয়েছে । যদিও এ প্রসঙ্গে এনএফ রেলের কর্তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে যাত্রী ভর্তি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বন্দে ভারতের জানালা এবং দরজার কাছে পাথর ছোঁড়ার পর চির ধরে যাওয়ার ঘটনার কয়েকটি ছবিকে ঘিরেই শুরু হয়েছে চাঞ্চল্য। এ ব্যাপারে রেল পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন একাংশ যাত্রীরা। এত উচ্চ মানের গতি সম্পন্ন ট্রেনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বন্ধে ভারত ট্রেনের যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডার মধ্যে কুমারগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় বন্ধে ভারত ট্রেনটি পৌঁছাতেই পাথর ছুঁড়ে জানলা এবং দরজার কাচ ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। যদিও যাত্রীদের মধ্যে কোনওরকম আহতের খবর রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায়নি। তবে কুমারগঞ্জের কোন রকম এই ট্রেনের স্টপেজ নেই। এত দ্রুত গতি সম্পন্ন ট্রেনে কি ভাবে দুস্কৃতীরা পাথর ছুঁড়ে আঘাত হানার চেষ্টা চালালো সে ব্যাপারেও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

উল্লেখ্য,গত শুক্রবার সাড়ে ১১টা নাগাদ ভার্চুয়ালি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদ থেকেই উদ্বোধনে অংশ নেন প্রধানমন্ত্রী। এই ট্রেন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই পূর্ব ভারতের রেল মানচিত্রে একটি বড় মাইলফলক স্থাপিত হল। কারণ, এর আগে সারা দেশে মোট ৬টি বন্দে ভারত চালু হলেও কলকাতা তথা পূর্ব ভারতের জন্য এটিই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এদিনের অনুষ্ঠানে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিশেষ মঞ্চ স্থাপন করা হয়েছিল হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্লাটফর্মে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার। ২০১৯ সাল থেকে ভারতে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতজুড়ে বিভিন্ন রুটে বর্তমানে ছ’টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এই ট্রেনটি বর্তমানে সব রুটেই চলছে ১৫০ থেকে ১৬০ কিলোমিটার বেগে। হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ায় কলকাতা ও উত্তরবঙ্গের পৌঁছতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘণ্টা।


More Stories
তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে অপসারিত মমতা, সাসপেন্ড অভিষেক
পশ্চিমবঙ্গ নতুন সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেট, কী পেল রাজ্যবাসী?
তারকেশ্বরে শ্যামাপ্রসাদের স্মরণে নরেন্দ্র মোদি, কৃষকদের প্রকল্পের সূচনা