Home » রাজ্যে ফের রথযাত্রার প্রস্তুতি বিজেপির

রাজ্যে ফের রথযাত্রার প্রস্তুতি বিজেপির

সময় কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারি: দলের কেন্দ্রীয় কার্য সমিতির বৈঠক শেষে দলের সর্বভারতীয় সভাপতিকে দিয়েই শেষ পর্যন্ত পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করতে চাইছে বঙ্গ বিজেপি। বিজেপি সূত্রের খবর, আগামী ১৯ জানুয়ারি রাজ্যে আসছেন জেপি নাড্ডা। সাংগঠনিক বৈঠক করার পাশাপাশি একই দিনে জোড়া রাজনৈতিক সভাও করতে পারেন তিনি। এখনও পর্যন্ত সেক্ষেত্রে কৃষ্ণনগর এবং আরামবাগে একই দিনে জেপি নাড্ডার দুটি সভা করার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। যদি সময়ের অভাবে দুটি সভা করতে না পারেন সেক্ষেত্রে জেপি নাড্ডা সভা করবেন শুধুমাত্র কৃষ্ণনগরে।

এদিকে ফের একবার রাজ্যে বিজেপির রথযাত্রার ভাবনা। কোর কমিটির বৈঠকের আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, জনসংযোগের লক্ষ্যে লোকসভা ভোটকে মাথায় রেখে রথযাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে হতে পারে রথযাত্রা। গতবছর, ২০২১-এর এই ফেব্রুয়ারিতেই বিধানসভা ভোটের আগে রাজ্যে রথযাত্রা করেছিল বিজেপি।

১৬- ১৭ জানুয়ারি দিল্লিতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকেই ২৪-এর লোকসভা ভোটের বাদ্যি বাজিয়ে দেবেন মোদি – শাহ – নাড্ডারা। বৈঠক শেষে দেশজুড়ে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার পাল্টা জনসংযোগ যাত্রা করবে বিজেপি। রাজ্যে বিজেপির এই জনসংযোগ যাত্রারই পোশাকি নাম রথযাত্রা। ইতিমধ্যেই তা নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে দলে। নিউ টাউনের একটি বেসরকারি হোটেলে চার কেন্দ্রীয় নেতা সহ রাজ্যের কোর কমিটির বৈঠকের আগে সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘লোকসভা ভোটকে সামনে রেখে রাজ্যজুড়ে রথযাত্রায় করবে দল। ফেব্রুয়ারিতেই হবে রথযাত্রা।’

প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা ভোটের আগে রথযাত্রা করতে চেয়েছিল বিজেপি। রথযাত্রাকে কেন্দ্র করে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এই আশঙ্কা করে অনুমতি দেয়নি রাজ্য। এমনকি সুপ্রিম কোর্টে গিয়েও দাবি আদায় করতে পারেনি বিজেপি। বিধানসভা ভোটের আগেও সেই পরিস্থিতি তৈরি হলেও, শেষমেশ আদালতের নির্দেশে শর্ত স্বাপেক্ষে ছাড়পত্র দিতে বাধ্য হয় রাজ্য। ৬ ফেব্রুয়ারি নবদ্বীপ থেকে সেই রথের সূচনা করেন নাড্ডা।

About Post Author