Home » রাজ্য গোয়েন্দা বিভাগে বড়সড় রদবদল

রাজ্য গোয়েন্দা বিভাগে বড়সড় রদবদল

সময় কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারি:  সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে হয়ে গেল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগে বড়সড় রদবদল! যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গোয়েন্দা বিভাগের এডিজি পদে এলেন মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত মনোজকুমার বর্মা। ওই পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজীব কুমার মিশ্রকে। তাঁকে আনা হয়েছে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিভাগ এনফোর্সমেন্টর ডিরেক্টরেটে।

পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি এবং আইজিপি আইবি’র পদ থেকে রাজীব মিশ্রকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে মনোজ বর্মাকে। এর আগে মনোজ বর্মা ছিলেন রাজ্যের নিরাপত্তা বিভাগের অতিরিক্ত নির্দেশক পদে। এর সঙ্গেও একাধিক দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেই সব দায়িত্বের পাশাপাশিই নতুন এই দায়িত্ব দেওয়া হল মনোজকুমার বর্মাকে। একই সঙ্গে এডিজি সিআইডির পদ থেকে কম গুরুত্বপূর্ণ ডিজিপি (প্রশিক্ষণ) পদে পাঠানো হয়েছে আনন্দ কুমারকে।

বিরোধীদের তরফে বারবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ তোলা হচ্ছে। অন্যদিকে, রাজ্যের একাধিক জেলায় জেহাদি কার্যকলাপের অভিযোগও বাড়ছে। স্বাভাবিকভাবেই গোয়েন্দা বিভাগের দিকে কিছুটা হলেও আঙুল উঠছিল। সেই বিভাগে মনোজ বর্মার মতো দক্ষ আধিকারিককে বসাল রাজ্য সরকার।

About Post Author