সময় কলকাতা ডেস্ক, ১০ জানুয়ারিঃ আইএস জঙ্গি হিসেবে ধৃত হাওড়ার দুই যুবক সাদ্দাম ও সইদের মগজ ধোলাই করে ‘জেহাদে’ উদ্বুদ্ধ করা আইএস মডিউল আবদুল রাকিব কুরেশি এবার পুলিশের জালে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের খান্ডওয়া থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। কুরেশি প্রাক্তন সিমি নেতা বলে পরিচিত। গোয়েন্দা সূত্রে খবর, সাদ্দাম ও সইদকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল সরবরাহ করার কথা ছিল কুরেশির। তাদের জেরা করেই মিলেছে কুরেশির খবর। তাকে সোমবার রাতে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তারের পর এদিন ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার তোড়জোড় চলছে।

এসটিএফ জানিয়েছে, কুরেশির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ১২১, ১২১ এ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। সাদ্দাম ও সইদ তার মাধ্যমেই ইসলামিক স্টেটে যোগ দেয় বলে খবর। জেহাদ নিয়ে সাদ্দাম ও কুরেশি একই ভাবধারায় বিশ্বাসী। সেই কারণেই উভয়ের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কুরেশি অস্ত্র সরবরাহ ও তৈরির কথা বলেছিল সাদ্দামদের। জানা গিয়েছে, এম টেকের ছাত্র সাদ্দামের সঙ্গে কুরেশির আলাপ হওয়ার পর বাংলায় হামলার ছক কষতে মদত জুগিয়েছিল কুরেশি। সাদ্দামের কাছ থেকে উদ্ধার হওয়া একটি ডায়েরিতে আরবি ভাষায় ‘বায়াত’ বা আইএস-এ যোগ দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথা লেখা রয়েছে। সে যে লিখিতভাবে আইএস-এ যোগ দিয়েছে, এটি তারই প্রমাণ। তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকরা।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা