সময় কলকাতা ডেস্ক, ৩ জানুয়ারিঃ ডিএলএড কোর্সে ভর্তি প্রক্রিয়ায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, ২০২১-২৩ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির জন্য এখন আর কোনও আবেদন গ্রহণ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২১ শিক্ষাবর্ষে যে ডিএলএড কোর্স শুরু হয়, তা শেষ হওয়ার কথা ২০২৩ সালে। এনসিইটির গাইডলাইন মেনে এই কোর্সের জন্য ২০০টি কর্মদিবসের প্রয়োজন। কিন্তু গত ২৮ ডিসেম্বর পর্ষদ এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য নতুন করে আবেদন গ্রহণের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করেছে।
জানুয়ারির প্রথম থেকেই এই আবেদন গ্রহণ শুরু হয়েছে। ৬ জানুয়ারি পর্যন্ত আবেদন নেওয়া হবে। অভিযোগ, এই শিক্ষাবর্ষ শেষ হতে বাকি আর মাত্র কয়েক মাস। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে কীভাবে পর্ষদ ভর্তির আবেদনের জন্য বিজ্ঞপ্তি দিতে পারে। এমনকী আবেদন ফি নিয়ে অভিযোগ ওঠে। এদিন মামলাকারীদের কথায়, এই কোর্সের ভর্তির আবেদন করতে জেনারেলদের জন্য ৩০০ টাকা ও তপসিলি ও উপ তপসিলি জাতির জন্য লাগে ১৫০ টাকা। কিন্তু নতুনভাবে এই শিক্ষাবর্ষে আবেদনের জন্য নেওয়া হচ্ছে ৩০০০ টাকা। যা নিয়ে আপত্তি তোলা হয়।
২০২২ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ৫৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগেও তিনি অনিয়ম করে চাকরি পাওয়া ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। যদিও কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। এরই মধ্যে এবার ডিএলএড-এ ভর্তি প্রক্রিয়াতেও দুর্নীতির অভিযোগে আপাতত এই কোর্সের ভর্তিতে অন্তবর্তী স্থগিতাদেশ দেওয়া হল।
ডিএলএড ভর্তি প্রক্রিয়ায় অন্তবর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক