Home » যোশীমঠ পরিদর্শনে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি

যোশীমঠ পরিদর্শনে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি

 

সময় কলকাতা ডেস্ক, ১২ জানুয়ারিঃ উত্তরাখণ্ডের পাহাড়ি জনপদ যোশীমঠ ঘিরে আতঙ্ক ধীরে ধীরে বাড়ছে। এখনও পর্যন্ত প্রায় ৭৭৩টি বাড়িতে ফাটল নজরে এসেছে। ১৩১টি পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছে নিরাপদ জায়গায়। এদিকে ফাটল আতঙ্কের মধ্যেই যোশিমঠে শুরু হয়েছে বৃষ্টি। এই পরিস্থিতিতে বুধবার রাতে এলাকা পরিদর্শনে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ধামি জানিয়েছেন, বাড়ি ভাঙা ও আর্থিক সাহায্যের অঙ্ক নিয়ে ক্ষোভ সৃষ্টি হলেও এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে কেবল দু’টি হোটেল ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। কোনও বসতবাড়ি ভাঙার পরিকল্পনা এখনও পর্যন্ত সরকারের নেই।

এদিকে, পরিস্থিতি নিয়ে খতিয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি বৈঠকের ডাক দিলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে। জানা গিয়েছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে দ্রুত যোশীমঠে যান ধামি। বিপর্যস্ত এলাকা তিনি খতিয়ে দেখেন। ত্রাণশিবিরেও যান তিনি। সেখানে তিনি আশ্বাস দেন, যে সব বাড়ি ভাঙা হবে সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্য করা হবে বাজারদর মেনেই। এপর্যন্ত দেড় লক্ষ টাকা করে প্রাথমিক আর্থিক সাহায্য করেছে উত্তরাখণ্ড সরকার।


এদিকে, আগামী এক সপ্তাহের মধ্যেই জোশীমঠের হোটেলগুলি ভেঙে ফেলা হবে বলেই ঠিক করা হয়েছে। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কথা মতই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেড় লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মঙ্গলবার থেকেই বুলডোজার দিয়ে যোশীমঠের ক্ষতিগ্রস্ত বাড়ি ও হোটেল ভাঙার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় বাসিন্দা, হোটেল মালিক ও ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে তা আর করা যায়নি।

ইতিমধ্যেই যোশীমঠ নিয়ে সমীক্ষায় ধরা পড়েছে চাঞ্চল্যকর তথ্য। দেহরাদূনের সরকারি সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং-এর রিপোর্ট অনুযায়ী, গঢ়ওয়াল হিমালয়ের জোশীমঠ এবং সংলগ্ন এলাকা ধীরে ধীরে ডুবতে বসেছে। বছরে আড়াই ইঞ্চি বা ৬.৫ সেন্টিমিটার করে মাটি বসে যাচ্ছে। একটু একটু করে ফাটল ধরছে বাড়ির ভিতগুলোতে। ২০২০ সালের জুলাই থেকে গত বছর মার্চ অবধি পাওয়া উপগ্রহচিত্রে ধরা পড়েছে, ভূমিধস শুরু হয়েছিল তিন বছর আগে থেকেই। ছবিতে দেখা গিয়েছে, জোশীমঠের নীচে টেকটনিক প্লেটের সংঘর্ষ হামেশাই হচ্ছে, ফলে এই অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। রিপোর্ট আরও বলছে, ওই সময় জোশীমঠ ও আশপাশের এলাকার পাহাড়েও ফাটল দেখা দিয়েছিল। উত্তরাখণ্ড সরকার রীতিমতো নোটিস দিয়ে জানিয়ে দিয়েছে জোশীমঠের এখন যা পরিস্থিতি তাতে এই শহর আর বসবাসের জন্য উপযুক্ত এবং নিরাপদ নয়। জোশীমঠকে ‘বিপর্যয়গ্রস্ত’ শহর বলেও উল্লেখ করা হয়েছে।

তবে, শুধুমাত্র জোশীমঠ নয়, আশেপাশের এলাকাগুলিতেও মাটি বসে যাচ্ছে। ৯০ কিলোমিটার দূরে কর্ণপ্রয়াগ, আউলিতেও একাধিক বাড়িতে ফাটল ধরেছে। এর মধ্যেই কেন্দ্রীয় সংস্থা এনটিপিসির তপোবন জলবিদ্যুৎ প্রকল্পের জন্য সুরঙ্গ খোঁড়ার কাজ চলছে। বর্তমানে জোশীমঠের ১১০টিরও বেশি পরিবার ঘরছাড়া। সরকারের তরফে ইতিমধ্যেই জোশীমঠকে ‘বসবাসের অযোগ্য’ বলে ঘোষণা করা হয়েছে। যত দ্রুত সম্ভব গোটা শহরটিই ফাঁকা করা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার থেকে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙার কথা থাকলেও স্থানীয় বাসিন্দা ও হোটেল মালিকদের বিক্ষোভের কারণে তা শুরু করা যায়নি।

About Post Author