সময় কলকাতা ডেস্ক,১৭ জানুয়ারিঃ আর কয়েকদিনের মধ্যেই পরেই কাশ্মীরে প্রবেশ করবে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা। তার আগে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্রের খবর, রাহুলকে নিরাপত্তা এজেন্সির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, কাশ্মীরের কিছু স্পর্শকাতর এলাকায় তিনি যেন পায়ে হেঁটে যাত্রা না করেন। তার চেয়ে গাড়ি করে সেই পথ অতিক্রম করাই শ্রেয়। পাশাপাশি, রাহুল গান্ধি জম্মু-কাশ্মীরের যে যে পথ দিয়ে হাঁটবেন এবং যেসব জায়গায় রাতে থাকবেন, তা নিয়ে নিরাপত্তা এজেন্সি পৃথক পরিকল্পনা করছে বলেও খবর। ৩০ জানুয়ারি ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচির সমাপ্তিতে শ্রীনগরে ২১ টি সমমনস্ক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস।

নিরাপত্তা এজেন্সি সূত্রে বলা হয়েছে, সাধারণতন্ত্র দিবসের পরের দিন রাহুলের শ্রীনগর পৌঁছনোর কথা। ওই সময়টা খুবই স্পর্শকাতর। বেশ কিছু এলাকায় তিনি না হাঁটলে ভাল। রাহুল এখন জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। আট থেকে ন’জন কম্যান্ডো তাঁকে ঘিরে থাকেন চব্বিশ ঘণ্টা। নিরাপত্তা এজেন্সির তরফে বলা হয়েছে, রাহুল গান্ধীর যাত্রায় তাঁর ঠিক পিছনের কর্ডনে যাঁরা থাকবেন তাঁদের চিহ্নিত করে সেখানে থাকতে দেওয়া হবে। পরিচয়হীন সাধারণ কেউ সেখানে থাকবেন না। উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের আগের দিন রাহুল গান্ধি পৌঁছবেন বানিহালে। সেখানে জাতীয় পতাকা তুলবেন তিনি। তারপর অনন্তনাগ হয়ে যাবেন শ্রীনগরে। এবার নিরাপত্তা এজেন্সির পরামর্শের পর রাহুল কি করবেন, তা সময় বলবে।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!