Home » বিচারপতি মান্থার আদালত অবমাননার রুল জারি নিয়ে শুনানি

বিচারপতি মান্থার আদালত অবমাননার রুল জারি নিয়ে শুনানি

সময় কলকাতা ডেস্ক,১৭ জানুয়ারিঃ মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার আদালত অবমাননার রুল জারি নিয়ে শুনানি। কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই শুনানি। এর আগে স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার রুল জারি করেন বিচারপতি মান্থা। এজলাসে বিশৃঙ্খলা সৃষ্টি, আইনজীবীদের একাংশের বিক্ষোভের ঘটনায় রুল জারি। এবার ওই আইনজীবীদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হতে চলেছে। শুক্রবার তিন বিচারপতির বিশেষ বেঞ্চ তৈরি হয়েছে হাইকোর্টে। বিশেষ বেঞ্চে রয়েছেন বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি চিত্তরঞ্জন দাশ।

এদিকে, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট নিয়ে সোমবার ব্ল্যাক ডে পালন হয় আইনজীবীদের। আইনজীবীদের আন্দোলন করার অধিকার আছে, তা প্রতিষ্ঠিত করতেই এই ব্ল্যাক ডে রাজ্যজুড়ে পালন করেছে আইনজীবীরা। যদিও ‘কালা দিবস’ পালন নিয়ে দু-ভাগে বিভক্ত রাজ্য বার কাউন্সিল। এদিকে বিচারপতি রাজাশেখর মান্থা এজলাস বয়কটের ঘটনায় রবিবারই কলকাতায় এসে পৌঁছন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

এর আগে বিচারপতির এজলাসের বাইরে বিক্ষোভের প্রতিবাদে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারস্থ ‘লইয়ার্স ফর জাস্টিস’ নামে আইনজীবী সংগঠন। বৃহস্পতিবার বিকেলে একটি স্মারকলিপিও জমা দেন তাঁরা। সংগঠনের সদস্যদের দাবি, এই ঘটনা আইনজীবীদের ভাবমূর্তি নষ্ট করেছে। যে বা যারা এই কাজ করেছেন তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। ঘটনার সূত্রপাত হয় গত সপ্তাহের সোমবার। ওইদিন সকাল থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থার এজলাসে গেট আটকে বিক্ষোভে শামিল হন আইনজীবীদের একাংশ। তিনি এজলাসে এসেও বিক্ষোভের জেরে চলে যান। এদিকে, তাঁর বিরুদ্ধে আদালতের বাইরের দেওয়ালে পোস্টার দেখা যায়। তাতে বিচারপতি রাজাশেখর মান্থার ছবি দিয়ে ইংরাজিতে লেখা –‘লজ্জা, বিচারব্যবস্থার নামে কলঙ্ক! কেউ আবার প্রশ্ন তুলেছেন – কোথায় আসল বিচার মিলবে?’ সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ। মঙ্গলবার সকালে আদালত খোলার পরও আইনজীবীদের একাংশ বিচারপতি মান্থার এজলাস বয়কটে অনড় থেকে শুনানিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। এমনকী হাইকোর্টে বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার পড়ে। যোধপুর পার্কে তাঁর বাসভবনেও পোস্টার পড়ে। আইনজীবীদের তাঁর এজলাসে যেতে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে। এ প্রসঙ্গেই মঙ্গলবার বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

About Post Author