Home » আদালতে হাজিরা পার্থ চট্টোপাধ্যায়ের

আদালতে হাজিরা পার্থ চট্টোপাধ্যায়ের

সময় কলকাতা ডেস্ক,১৯ জানুয়ারিঃ ১৪ দিনের জেল হেফাজত শেষে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এজলাসে হাজিরা করানো হবে বাকি চার শিক্ষাকর্তা, দুই মিডলম্যানকেও। ৫ জানুয়ারি পার্থ সহ নিয়োগ দুর্নীতি মামলায় ৭ জনকে জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুর বিশেষ আদালত। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী শর্তসাপেক্ষে জামিনের আবেদন জানিয়েছিলেন। তবে সিবিআই আদালতে ‘প্রভাবশালী’ তকমা এবং তথ্য প্রমাণ লোপাট হতে পারে সেই ইস্যুকে সামনে রেখে জামিনের বিরোধিতা করে। সূত্রের খবর, আজও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হবে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হেফাজত থেকে পার্থকে হেফাজতে নিয়েছিল সিবিআই। এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। ওই চার্জশিটেই নাম রয়েছে এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা-সহ মোট ১৬ জনের। এর পাশাপাশি ওই চার্জশিটে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসপি সিনহাকে অন্যতম মাস্টারমাইন্ড হিসাবেও উল্লেখ করা হয়েছে। গত ২৩ জুলাই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। অর্পিতার ফ্ল্যাটে নগদ কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরই গ্রেফতার করা হয় ওই দুজনকে। আপাতত জেলেই রয়েছেন অর্পিতা। সেই গ্রেফতারির ৫৮ দিনের মাথায় ব্যাঙ্কশাল আদালতে গুরুত্বপূর্ণ তথ্য সহ চার্জশিট পেশ করে ইডি।

About Post Author