Home » সুইজারল্যান্ডের মাটিতে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের

সুইজারল্যান্ডের মাটিতে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের

সময় কলকাতা ডেস্ক, ২০ জানুয়ারি: দেশের গন্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। CAA-NRC বিক্ষোভের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের হল সুইজারল্যান্ডের মাটিতে। সেদেশের প্রথম সারির এক মানবাধিকার সংগঠন যোগীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ, সিএএ বিক্ষোভ রুখতে বহু মানুষের উপর দমন-পীড়ন করেছেন যোগী।

‘গের্নিকা ৩৭ চেম্বারস’ নামের ওই মানবাধিকার সংগঠনটি সুইজারল্যান্ডের গন্ডি পেরিয়ে বিশ্বের একাধিক দেশে কাজ করেছে এইমুহুর্তে। বিভিন্ন দেশের প্রথম সারির আইনজীবীদের নিয়ে গঠিত এই সংগঠনটি। সুইজারল্যান্ডের আদালতে তাঁরা যোগীর বিরুদ্ধে গণহত্যা ও মানবতারর বিরুদ্ধে অপরাধের মামলা দায়ের করেছে। সংগঠনটির অভিযোগ, ২০১৯-২০ সালে দেশজুড়ে যখন সিএএ এবং এনআরসি বিরোধী বিক্ষোভ চলছিল, সেসময় যোগীর নির্দেশে নিষ্ঠুরতা দেখিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

সংস্থার অভিযোগ, ২০১৯ সালে যোগী নিজেই একটি বক্তৃতায় বলেছিলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘বদলা’ নিতে হবে। এতেই বোঝা যায় পুলিশ প্রতিহিংসাবশত পদক্ষেপ করছে। এবং তাতে মুখ্যমন্ত্রীর মদত রয়েছে।

সম্প্রতি সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল যোগীর। কেননা ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন তিনি।  মামলাকারীদের দাবি, তাঁদের কাছে এই মামলাটি করার উপযুক্ত কারণ এবং প্রমাণ দুটোই আছে। তবে কাদের অভিযোগের ভিত্তিতে এই মামলা হচ্ছে, সেটি গোপন রাখা হয়েছে। কারণ অভিযোগকারীদের নাম পরিচয় প্রকাশ্যে এলে তাঁদের জীবন এবং জীবিকা বিপন্ন হতে পারে।

About Post Author