Home » চিনে কি বন্ধ হতে চলেছে আইফোন উৎপাদন?

চিনে কি বন্ধ হতে চলেছে আইফোন উৎপাদন?

সময় কলকাতা ডেস্ক,১৯ জানুয়ারিঃ এবার চিন থেকে আইফোন উৎপাদন পুরোপুরি বন্ধ করতে চাইছে অ্যাপল সংস্থাটি। সূত্রের খবর, ২০২৭ সালের মধ্যেই বিশ্বের মোট আইফোনের অর্ধেক ভারত থেকে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা ২০২৫ সালের মধ্যে ভারতে আইফোন উৎপাদন ৩০ শতাংশ বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের। ২০২৩-এর জানুয়ারি মাসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০২৭ সালের মধ্যে অ্যাপল সংস্থার উৎপাদন সংখ্যা বেড়ে ৫০ শতাংশ হবে। বর্তমানে বিশ্বের মোট আইফোনের ৫ শতাংশ ভারতে উৎপাদন হয়। তবে শুধু আইফোন-ই নয়, বেশ কয়েকটি আইপ্যাড উৎপাদনও চিন থেকে ভারতে সরিয়ে আনার কথা ভাবছে অ্যাপল সংস্থাটি। ইতিমধ্যেই অ্যাপল সংস্থাটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নয়াদিল্লি। একইসঙ্গে আইফোন উৎপাদনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে মোদী সরকার।

সম্প্রতি ব্রাজিলে পুরোপুরি বন্ধ করা হয়েছে অ্যাপলের আইফোন বিক্রি। এমনকী চার্জার ছাড়া কোনও আইফোনের মডেলও বিক্রি করা যাবে না। অ্যাপল সংস্থাকে এমনই কড়া নির্দেশ দিয়েছে ব্রাজিল সরকার। জানা গিয়েছে , গ্রাহকদের অসম্পূর্ণ প্রোডাক্ট বিক্রি করছে ওই মার্কিন টেক সংস্থাটি। তবে শুধু আইফোন বিক্রি বন্ধই নয়, একইসঙ্গে দেশে জরিমানার সম্মুখীন হতে হয়েছে অ্যাপল সংস্থাকে।

গ্রাহকদের অভিযোগ,বেশ কয়েক বছর ধরে অ্যাপল তাদের আইফোন বিক্রির ক্ষেত্র্রে ধীরে ধীরে একাধিক সামগ্রী কমিয়ে দিচ্ছে। চার্জিং অ্যাডপ্টার থাকছে না। আইফোন ১২ সিরিজ থেকে ফোনের সঙ্গে চার্জার বক্সের বিতরণ বন্ধ করে দিয়েছিল সংস্থা। সম্প্রতি, এই পদক্ষেপের কড়া বিরোধিতা শুরু করেছে ব্রাজিল সরকার। আইফোন ১২ এবং নতুন আইফোন মডেলের বিক্রি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে । সেইসঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আইফোনের মডেলের সঙ্গে চার্জার থাকবে না, এমন কোনও মডেল বিক্রি করা যাবে না দেশে। ইতিমধ্যেই ব্রাজিলের বিচার মন্ত্রক অ্যাপলকে প্রায় ১৯ কোটি টাকা জরিমানা করেছে। তবে সংস্থার দাবি, পরিবেশ দূষণ কমানোর জন্য এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই তাঁরা চার্জার বক্স না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই যুক্তিকে প্রত্যাখান করেছে ব্রাজিল সরকার। তারা জানিয়েছে, চার্জার ছাড়া স্মার্টফোন বিক্রির সঙ্গে পরিবেশ সুরক্ষার কোনও কোনও সম্পর্কই নেই। অ্যাপল উপভোক্তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃত বৈষম্যমূলক আচরণ করছে।

About Post Author