Home » ফের কর্মী ছাঁটাই টুইটারে

ফের কর্মী ছাঁটাই টুইটারে

সময় কলকাতা ডেস্ক, ২০ জানুয়ারি: ফের কর্মী ছাঁটাই হতে চলেছে টুইটারে। গত অক্টোবর মাসের শেষের দিকে এলন মাস্ক দায়িত্ব নেওয়ার পরই টুইটারে ব্যাপক ছাঁটাই শুরু হয়েছিল। এক ধাক্কায় সেসময় কোম্পানির কর্মী সংখ্যা ৭৫০০ থেকে কমিয়ে প্রায় ৩৫০০ তে নেমে এসেছিল। এবার ফের টুইটারের কর্মীদের চাকরিতে কোপ পড়তে চলেছে। খুব শীঘ্রই কর্মী সংখ্যা ২ হাজারের নীচে কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সংশ্লিষ্ট মাইক্রো ব্লগিং সাইটটি।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি। তারপর থেকেই নানা সমস্যায় বিপর্যস্ত মাস্ক।

প্রসঙ্গত, কোম্পানির খরচ কমাতে টুইটার ছাড়াও ছাঁটাইয়ের পন্থা বেছে নিয়েছে অনেকেই। সেক্ষেত্রে মাইক্রোসফট সম্প্রতি ১০০০০ কর্মী ছাঁটাই করেছে এবং অ্যামাজনও বেশ কয়েকটি ধাপে কর্মী ছাঁটাই করেছে। গত বছর নভেম্বর থেকে কর্মী ছাঁটাইয়ের ট্রেন্ডে রয়েছে মেটা, ফেসবুক, সহ আরও অনেক বহুজাতিক কোম্পানি। বিশ্বজুড়ে চলতে থাকা আর্থিক মন্দার প্রভাবে আগামী দিনেও বিভিন্ন বিভাগের কোম্পানির কর্মীদের চাকরি হারানোর সম্ভাবনা রযেছে।

About Post Author