Home » পাল্টে গেল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি

পাল্টে গেল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি

সময় কলকাতা ডেস্ক,২০ জানুয়ারিঃ পাল্টে গেল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি। মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া সূচি অনুযায়ী, চলতি বছর ২৭ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন ছিল ইতিহাস পরীক্ষা। কিন্তু,ওই দিন মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কার্যত সেই কারণেই ইতিহাস পরীক্ষাটি ২৭ ফেব্রুয়ারি হবে না। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,আগামী ১ মার্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা নেওয়া হবে।

বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশন উত্তর-পূর্বের তিন রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। ১৬ ফেব্রুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি ভোট। সেইসঙ্গে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন ঘোষণা করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি। ওইদিন মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার নির্ধারিত দিন ছিল। ইতিহাস পরীক্ষার দিন উপনির্বাচনের বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে সূচি পরিবর্তন করা হয়। তবে দিন বদল হলেও, পরীক্ষার সময় ও স্থান একই থাকবে বলেই জানা গিয়েছে। মাধ্যমিকের পরীক্ষা সূচির বাদবাকি অংশ অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে। আর শেষ হবে ৪ মার্চ। সূচি পরিবর্তন হওয়ায় মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা হবে ২৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় ভাষার পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি, এরপর ২৫ ফেব্রুয়ারি ভূগোল, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান, ৪ মার্চ ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা নির্দিষ্ট করা হয়েছে। সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে দুপুর ৩ টে পর্যন্ত। তবে, পরীক্ষার প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে।

About Post Author