সময় কলকাতা ডেস্ক, ২৬ জানুয়ারি: বুধবার বিধাননগর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,‘তদন্ত হলে সব ফাঁস হবে। আসল মাথারাও ধরা পড়বে। ঠিক সময়ে দেখতে পাবেন কে দোষী আর কে নির্দোষ। সবটাই চক্রান্ত হয়েছে। সব বড় চক্রান্ত।’ এদিকে, বুধবারই কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছিল ইডি। সূত্রের খবর,এদিন সকাল ১১টা নাগাদ ইডি দফতরে হাজিরাও দিয়েছেন তিনি।

অন্যদিকে,বুধবার ফের ইডি দফতরে হাজিরা দিলেন তাপস মণ্ডল। মঙ্গলবার একাধিক প্রশ্নের উত্তর না মেলায় বুধবার ফের ইডি দফতরে তলব করা হয় তাপস মণ্ডলকে। এদিকে, গ্রেফতারের পর থেকেই একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসে কুন্তল ঘোষের বয়ানে। ইডি সূত্রে খবর, তাপস মণ্ডলকে নিয়ে গুরুতর অভিযোগ করেছেন ধৃত কুন্তল। জেরা পর্বে ইডি আধিকারিকরা জানতে পারেন, ইডি অফিসারদের ‘সেটিং’ করতে হবে বলে লক্ষাধিক টাকা কুন্তলের কাছে দাবি করেছিলেন তাপস মণ্ডল।

১৫ অক্টোবর যখন তাপসের অফিস ও বাড়িতে ইডি অভিযান চালাচ্ছিল, ওই দিনও কুন্তলকে ফোন করে টাকা দাবি করেছিলেন তাপস। এই অভিযোগের প্রেক্ষিতে কুন্তল যে তথ্যপ্রমাণ দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে ১৫ অক্টোবর দুপুরে অনলাইনে কুন্তলের অ্যাকাউন্ট থেকে তাপসের অ্যাকাউন্টে টাকা এসেছে। যদিও মুখোমুখি জিজ্ঞাসাবাদ পর্বে এড়িয়ে গিয়েছেন তাপস , এমনটাই ইডির অভিযোগ। ইডি সূত্রে খবর, কেন ১৫ অক্টোবর টাকা চেয়েছিলেন তাপস, তা তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে তাপস ও কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত যে লেনদেন হয়েছিল সবটাই এখন ইডির নজরে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?