সময় কলকাতা ডেস্ক, ২১ জানুয়ারিঃ ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের দেওয়া বিধি-নিষেধ পালনের চেষ্টা করছে রাজ্য নির্বাচনের দায়িত্বে থাকা জেলা প্রশাসন। শুক্রবার পশ্চিম জেলা প্রশাসনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধণ। তিনি জানান, নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ অনুযায়ী এএমসি এলাকাতে বিভিন্ন রাজনৈতিক দলের যে পোস্টার ব্যানার ফ্ল্যাগ লাগানো হয়েছে, তা নির্ধারিত নিয়মের বাইরে থাকলে সেগুলি খুলে নেওয়া হচ্ছে। পাশাপাশি, ভোটারদের উদ্দেশ্যে দেওয়া নির্বাচান সংক্রান্ত বিধি গুলো তুলে ধরেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত সুপার। সাংবাদিক সম্মেলন থেকেই জিরানিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া বিষয়ে আলোচনা করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পশ্চিম জেলার পুলিশ সুপার বলেন, গোটা বিষয়টি সম্পর্কে নির্বাচন কমিশনের নজর রয়েছে।

এদিকে,তৃণমূলের পালে হাওয়া লাগাতে ফের ত্রিপুরায় প্রচারে যেতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সফর সঙ্গী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা-অভিষেক রাজ্যে প্রচার করলে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পালে হাওয়া আরও জোরদার হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও দলীয় সূত্রে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। সূত্রের খবর,আগরতলা রবীন্দ্রভবনের সামনে একটি জনসভা করতে পারেন তৃণমূল সুপ্রিমো । এরপরেই রাজ্য নেতৃত্বের সঙ্গে নির্বাচনের শেষ মুহূর্তে রণকৌশল নিয়ে আলোচনা করতে পারেন তিনি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কমিটি জোর কদমে ভোটের প্রস্তুতি চালাচ্ছে। এ বিষয়ে তৃণমূলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি পীযূষকান্তি বিশ্বাস জানান,‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা প্রকাশ্যেই হবে। আলাদাভাবে সংবাদমাধ্যমের মুখোমুখিও হবেন তৃণমূল নেত্রী। এরপরেই আগরতলা রবীন্দ্রভবনে দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়ে সভা করবেন। সেখানে নির্বাচনী প্রস্তুতি নিয়ে তাঁদের যাবতীয় নির্দেশিকা দেওয়া হবে।’

ইতিমধ্যেই ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ড, এই তিন রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা ভোট। এদিকে, মেঘালয় এবং নাগাল্যান্ডে ভোট আগামী ২৭ ফেব্রুয়ারি। আর এই তিন রাজ্যেরই ফলাফল ঘোষণা আগামী ২ মার্চ। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে,আগামী ২১ জানুয়ারি পর্যন্ত ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দেওয়া হবে। ত্রিপুরায় মনোনয়ন পত্র জমা করার শেষ দিন ৩০ জানুয়ারি। অন্যদিকে,মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন পত্র দেওয়া হবে। মনোনয়ন তোলা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে, মেঘালয়ে মনোনয়ন পত্র জমা করার শেষ দিন ২ ফেব্রুয়ারি এবং নাগাল্যান্ডের মনোনয়ন পত্র জমা করার শেষ দিন ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!