সময় কলকাতা ডেস্ক,২১ জানুয়ারিঃ আদলতের নির্দেশে এবার ঝালদা পুরসভার চেয়ারম্যান হিসেবে কাজ সামালাবেন নিহত কংগ্রেসের নেতা তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। ঝালদা পুরসভা নিয়ে রাজ্যের দুটি সিদ্ধান্তেই অন্তর্বতীকালীন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিংয়ের নির্দেশ, আপাতত পুরসভার চেয়ারম্যান হিসেবে কাজ সামালাবেন নিহত কংগ্রেসের নেতা তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। আগামী ১০ ফেব্রুয়ারি দুই পক্ষের বক্তব্য শুনবে উচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত সোমবারই ঝালদা পুরসভার চেয়ারম্যান হয়েছিলেন কংগ্রেসের শীলা চট্টোপাধ্যায়। সূত্রের খবর, এরপরই তার কাউন্সিলার পদ খারিজ করে দেয় প্রশাসন। কংগ্রেস তাই নিয়েই আদালতে আবেদনও করে। শুক্রবার কংগ্রেসের আইনজীবী কৌস্তুভ বাগচী আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। এই নিয়ে বিচারপতি রাজ্যকে ভর্ৎসনা করেন।

এদিন নিহত কংগ্রেসের নেতা তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন,‘আদালত ও কংগ্রেস কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। ঝালদার মানুষের পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। তাই আমি চেষ্টা করব এখানকার মানুষের উন্নয়ন করার। বিরোধীদের সঙ্গে নিয়েই আমি সব কাজ করব। যখন তৃণমূল ক্ষমতায় ছিল তখন ওরা আমাদের সঙ্গে নিয়ে চলত না। কিন্তু আমরা এমনটা করব না। মানুষের পাশে দাঁড়াব। এই জয় আমার স্বামীর জয়। ঝালদার মানুষের জয়।’

উল্লেখ্য, ঝালদায় পুরসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছিল ত্রিশঙ্কু ফলাফল হয়। পরে নির্দলের সমর্থন নিয়ে বোর্ড গড়ে তৃণমূল। এরমধ্যেই খুন হয়ে যান কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। সেই তদন্ত এখনও চলছে। এর আগে নভেম্বরে ঝালদায় নির্দলে জিতে তৃণমূলে যাওয়া এক কাউন্সিলর শাসকদল ছাড়ার কথা ঘোষণা করার পরেই সংখ্যা সঙ্কট তৈরি হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে গত ২ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, জবা মাছুয়াকে ঝালদা পুরসভার চেয়ারম্যান করার কথা। তা খারিজ করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ মতো ১৬ জানুয়ারি ঝালদার পৌরপ্রধান নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?