সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারিঃ জেলাবাসীর দীর্ঘ দিনের দাবি মেনে অবশেষে বালুরঘাট-হিলি রেল সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে। জমি অধিগ্রহণ সমস্যা থাকায় পূর্বে অর্থ বরাদ্দ হলেও সেই টাকা ফিরে গিয়েছে বলে অভিযোগ জেলা বিজেপির। এবারে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তৎপরতায় পুনরায় রেল বাজেটে বালুরঘাট-হিলি রেল সম্প্রসারণ জন্য ২০২৩-২৪ অর্থবর্ষে ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

কেন্দ্রের এই ঘোষণায় আশার আলো দেখছেন দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ। কেননা বালুরঘাট-হিলি রেল পরিষেবা চালু হলে জেলার অর্থনৈতিক উন্নতি হবে। সীমান্ত শহর হিলির আন্তর্জাতিক গুরুত্ব বাড়বে। একইসঙ্গে চেকপোষ্ট দিয়ে রেল পরিষেবার মাধ্যমে সেক্ষেত্রে আগামী দিনে পড়শী দেশ বাংলাদেশের সঙ্গেও পণ্য ও যাত্রী পরিষেবা শুরু করা যাবে।

একসময় জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু না হওয়ার কারণে বন্ধ হয়ে যায় বালুরঘাট-হিলি রেল প্রকল্প সম্প্রসারণ এর কাজ। জেলার সাধারণ মানুষের দাবি, উন্নয়নের স্বার্থে দলীয় রাজনীতি বন্ধ করে দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু করুক রাজ্য। সূত্রের খবর,সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক বছরের মধ্যেই হিলি- বালুরঘাট রেললাইন সম্প্রসারণের প্রক্রিয়া সম্পন্ন হবে। ২০২৪ সালের মার্চের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হবে বলেই জানিয়েছেন উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আনশুল গুপ্তা।

প্রসঙ্গত,২০১০ সালে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করার কথা ঘোষণা করে রেল মন্ত্রক। তারপরই এই কাজের জন্য প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ মেলে। বালুরঘাট থেকে ডাঙি হয়ে কামারপাড়া দিয়ে হিলি পর্যন্ত রেলপথের সম্প্রসারণের জন্য মোট ৪১০ একর জমি চিহ্নিত হয়। আত্রেয়ী নদী ও বেশ কয়েকটি ছোট জলাশয়ের মাঝে রেলব্রিজের পিলারও তৈরি করা হয়। কিন্তু, জমি অধিগ্রহণে সমস্যার জেরে মাঝপথেই কাজ থেমে যায়। রেলের তরফে সে সময়ের বরাদ্দ অর্থ ফেরতও চলে যায়। সেসময় এই প্রকল্প নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়। এরপরই হাইকোর্টের নির্দেশেই নড়েচড়ে বসে কেন্দ্র ও রাজ্য৷ এবিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘বালুরঘাট হিলি রেল লাইন সম্প্রসারণের কাজ আগামী এক বছরের মধ্যেই শেষ হবে। এছাড়াও বুনিয়াদপুর ও গঙ্গারামপুরে দ্বিতীয় প্লাটফর্ম ও গঙ্গারামপুরে ওভার ফুটব্রিজের কাজও হবে।’


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
কেরলের নামবদল : প্রেক্ষাপট ও বিতর্ক