সময় কলকাতা ডেস্ক,৫ ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ ও তার সঙ্গীদের মাধ্যমে কোটি কোটি টাকা পৌঁছে যেত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অন্যান্য প্রভাবশালীদের কাছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নগর ও দায়রা আদালতে ইতিমধ্যে এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাদের দাবি, কুন্তলের ২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় সাড়ে ৬ কোটি টাকার মতন হদিশ পাওয়া গিয়েছে। যা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। এই টাকার উৎস কি? কে কার সঙ্গে এত টাকা লেনদেন করেছে? এই সব তথ্য জানতেই, ফের কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার ফের কুন্তল ঘোষকে আদালতে পেশ করা হলে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

যদিও ইডির তরফে আরও দাবি করা হয়েছে, ১৩০ জন চাকরিপ্রার্থীর প্রত্যেকের থেকে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন কুন্তল ঘোষ। চাকরি বিক্রির নামে ১০ কোটি ৪০ লক্ষ টাকা ও অন্যান্য প্রতিশ্রুতি দিয়ে, ১২০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা করে নিয়ে নিয়েছিলেন কুন্তল। অর্পিতার ফ্ল্যাটে পাওয়া ৫০ কোটির মধ্যে ছিল কুন্তলের টাকাও। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। শুধু তাই নয়, কুন্তলের বাড়ি থেকে গত বছরের ডিসেম্বরের টেটের ২৫০ ওএমআর শিট পাওয়া গেছে বলেও দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করতেই হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের নাম উঠে আসে। বেআইনিভাবে শিক্ষক নিয়োগের নাম করে চাকরিপ্রার্থীদের থেকে ১৯ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে। সূত্রের খবর, তাপস মণ্ডল ইডি আধিকারিকদের জানিয়েছেন, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। মোট ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে তুলেছেন তিনি। এই সংক্রান্ত একাধিক নথিও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন তাপস। একইসঙ্গে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল জানান, কুন্তল শুধু প্রাথমিকের চাকরিপ্রার্থীদের থেকে টাকাই তোলেননি, উচ্চপ্রাথমিক,সংগঠক শিক্ষক পদে চাকরি দিতেও টাকা তুলেছেন।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
অভিষেকের পরে কল্যাণ