সময় কলকাতা ডেস্ক,৫ ফেব্রুয়ারি: সুপ্রিম কোর্টের কলেজিয়ামের মাধ্যমে বিচারপতি নিয়োগ ঘিরে গত কয়েক মাস ধরেই তৈরি হয়েছে বিতর্ক। সেই সংঘাতের আবহেই এবার কেন্দ্র জানিয়ে দিল নতুন শীঘ্রই নিয়োগ হতে চলেছে সুপ্রিম কোর্টে। কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল শীর্ষ আদালতের কাছে হাই কোর্টের তিনজন প্রধান বিচারপতির নাম জানিয়েছেন। এছাড়াও হাই কোর্টের দুই বিচারপতির নাম জানানো হয়েছে এই পদের জন্য।

বিচারপতি সঞ্জয় কিষেণ কৌল এবং বিচারপতি এএস ওকার বেঞ্চে শুক্রবার অ্যাটর্নি জেনারেল জানান, আগামীকাল অর্থাৎ রবিবারের মধ্যেই বিষয়টির সম্ভাব্য নিষ্পত্তি হতে পারে। হাই কোর্টের যে তিনজন প্রধান বিচারপতির নাম তিনি জানিয়েছেন, তাঁরা হলেন রাজস্থান হাই কোর্টের বিচারপতি পঙ্কজ মিথাল, পাটনা হাই কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং মণিপুর হাই কোর্টের বিচারপতি পিভি সঞ্জয় কুমার। এছাড়াও পাটনা হাই কোর্টের বিচারপতি এহসানউদ্দিন আমানুল্লাহ ও এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি মনোজ মিশ্রকে এই তালিকায় রাখা হয়েছে।

উল্লেখ্য, এই বিচারপতিরা দেশের শীর্ষ আদালতে দায়িত্বভার গ্রহণ করলে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা হবে ৩২। অনুমোদিত সংখ্যা ৩৪। এই অনুমোদিত বিচারপতির সংখ্যার মধ্যে দেশের প্রধান বিচারপতিও রয়েছেন। এরআগে, চলতি সপ্তাহেই কলেজিয়ামের তরফে বিচারপতির তালিকায় দু’টি নাম সুপারিশ করা হয়েছে। তাঁদের মধ্যে একজন এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং অন্যজন গুজরাট হাই কোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার।


More Stories
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
অরুণ ভৌমিকের ১৪ দিনের জেল হেফাজত