Home » প্রকাশ্যে ইন্দুবালা ভাতের হোটেলের টিজার

প্রকাশ্যে ইন্দুবালা ভাতের হোটেলের টিজার

সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারিঃ প্রকাশ্যে ইন্দুবালা ভাতের হোটেলের টিজার। এই সিনেমা নিয়ে প্রথম থেকেই দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। এবার হইচইতে আসছে কল্লোল লাহিড়ির লেখা উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’। টিজারে দেখা গিয়েছে,চোখে মোটা ফ্রেমের চশমা শুভশ্রীর, বয়সের ভারে নুয়ে পড়েছেন, ত্বকও কুঁচকে গিয়েছে অভিনেত্রীর। আর শুভশ্রীর গলায় শোনা যাচ্ছে, ‘এটা ইন্দুবালার ভাতের হোটেল। এই চ্যাটচেটে টেবিল আর স্যাঁতস্যাঁতে ঘরে লোকে ইন্দুবালার হাতের খাবার খেতে আসে। হোটেলে আসে না বাবা।’


কিছুদিন আগেই ইনস্টাগ্রামে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজের লুক শেয়ার করেছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাথার চুল সব সাদা, চোখে চশমা, চামড়া কুঁচকে গিয়েছে। একেবারে বিধবা বৃদ্ধার বেশে শুভশ্রী। অভিনেত্রীর এই লুক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এমনকী টলিউডের অন্যান্য তারকারাও অভিনেত্রীর এই রূপ দেখে চমকে গিয়েছেন। অনেকেই বলছেন, আরও একটা মাস্টারপিস আসতে চলেছে। হইচই-তে ওয়েব সিরিজে এই প্রথমবার অভিনয় করলেন শুভশ্রী। ওয়েব সিরিজটির পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য।


হইচই-এর ওয়েব প্ল্যাটফর্মে ইতিমধ্যেই ২৫টি নতুন সিরিজ, সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। সিরিজ, সিনেমার পোস্টারও রিলিজ করা হয়েছিল। এবার সেই তালিকায় ব্যোমকেশ, ফেলুদা, একেনবাবুর পাশাপাশি জায়গা করে নিয়েছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’। গত বছর জুলাই মাসেই কলকাতা ও বাংলাদেশে এই সিরিজের শুটিং শুরু হয়েছিল।


কল্লোল লাহিড়ীর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাসই সিরিজ হিসেবে নিয়ে আসছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। জানা গিয়েছে, পর্দায় ইন্দুবালার ১৬ থেকে ৭৫ বছর বয়স দেখানো হবে। ১৬ বছরের ইন্দু হবেন পারিজাত চৌধুরী। আর ২৫ থেকে ৭৫ পর্যন্ত বয়সে দেখা যাবে শুভশ্রীকে। এই সিরিজে অভিনেত্রী দুই সন্তানের বিধবা মা। পূর্ববঙ্গের মেয়ে পরে পশ্চিমবঙ্গের বাসিন্দা হবেন। সংসার, সন্তানপালনের জন্যই ভাতের হোটেল খুলবেন ইন্দুবালা। তার জীবনের গল্পকেই তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে। দীর্ঘ বিরতির পর এসভিএফ এর সঙ্গে এটাই হতে চলেছে শুভশ্রীর প্রথম কাজ। ছবিতে শুভশ্রীকে দেখা যাবে আসমা খানের ভূমিকায়। তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে অভিনয় করবেন সোহমও। এছাড়া অনসূয়া মজুমদারকে শুভশ্রীর শাশুড়ির চরিত্রে দেখা যাবে।

About Post Author