Home » এবার মাত্র ৯৯ টাকায় দেখা যাবে ‘হামি ২’

এবার মাত্র ৯৯ টাকায় দেখা যাবে ‘হামি ২’

সময় কলকাতা ডেস্ক,২০ জানুয়ারিঃ সিনেমাপ্রেমীদের জন্য বিরাট সুখবর! ২০ জানুয়ারি সিনেমাপ্রেমী দিবস। আর এই বিশেষ দিনেই বিভিন্ন প্রেক্ষাগৃহে মাত্র ৯৯ টাকার টিকিটে দেখা যাবে ‘হামি ২’। বুধবারই ‘হামি ২’-এর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান যে, যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার সুযোগ পাননি, তাঁরা ফের একটা সুযোগ পেতে চলেছেন।

২৩ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘হামি ২’। এই ছবি নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। জানা গিয়েছে,৭৮ জন খুদেকে নিয়ে বড় পর্দায় হাজির হয়েছে ‘হামি ২’। ঝগড়া,লড়াই সরিয়ে রেখে হাতে হাত ধরে হাঁটার গল্পই রয়েছে এই ছবিতে। দ্বিতীয়বার দর্শকদের মন মাতাবে তিন খুদে ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরি।২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘হামি’। ছবিতে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, গার্গী রায়চৌধুরী, খরাজ মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী শংকরের মতো একঝাঁক টলিউড তারকা। সেসময় দর্শকদের বেশ মন কেড়েছিল এই ছবি।

এর আগে যদিও ‘হামি টু’-এর পোস্টারে কোনও অভিনেতা বা অভিনেত্রীর মুখ দেখা যায়নি। সেখানে শুধু চাঁদ, তারাদের মাঝে ছোট ছোট শিশুদের দেখা গিয়েছে। আর সাজ পোশাকে ছিল, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। পোস্টারের ক্যাপশনে শুধুমাত্র লেখা ছিল, ‘হামির জগতে নো ঝগড়াঝাঁটি নো রাগ, শুধু ভালোবাসা আর টিফিন হবে ভাগ… নেই কোন কম্পিটিশন কেউ নয় শত্রু, হামির জগতে সবাই সবার খুব ভালো বন্ধু!’ এরপর বিশ্বকর্মা পুজোর দিনই ‘হামি টু’-এর তিন সদস্যের সঙ্গে পরিচয় করিয়েছিলেন পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতা রায়। জানা গিয়েছে, এবার ‘হামি টু’-এ একাধিক চমক থাকবে। বড় পর্দায় যে ‘হামি’-র সিক্যুয়েল ‘হামি টু’ আসছে। সেকথা আগেই ঘোষণা করেছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গত বছর থেকেই শুরু হয়ে গিয়েছিল ছবির শুটিং। ‘হামি টু’-এ একেবারে নতুন পরিবার, নতুন গল্প। লাল্টু-মিতালি তো আছেনই। সেইসঙ্গে, রয়েছে তিন খুদে চিনু, ভেঁপু আর রুকসানা। বিশেষ চরিত্রে দেখা গিয়েছে অঞ্জন দত্তকে।

About Post Author