সময় কলকাতা ডেস্ক,৬ ফেব্রুয়ারি: সপ্তাহের শুরুর দিনই মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা। বেহালার ঠাকুরপুকুর থ্রি-এ বাসস্ট্যান্ডের কাছে বেপরোয়া গতির বাস পিষে দিল ইএসআই হাসপাতালের এক মহিলা কর্মীকে। সূত্র মারফত জানা গিয়েছে, মৃত ওই মহিলা কর্মীর নাম রুপা মন্ডল(৩৯)। ঠাকুরপুকুর আনন্দনগর এলাকার বাসিন্দা সে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ,নাইট ডিউটি সেরে সোমবার সকালে ছেলের স্কুটারে চেপে বাড়ি ফিরছিলেন ইএসআই হাসপাতালের ওই মহিলা কর্মী। সেসময়ই পৈলানের দিক থেকে দুটি বেসরকারি বাস রেষারেষি করতে করতে এগিয়ে আসছিল। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ঠাকুরপুকুর থ্রি-এ বাসস্ট্যান্ডের কাছে ওই স্কুটারে ধাক্কা মারে। বাসের ধাক্কার মা ও ছেলে দু’জনেই মাটিতে ছিটকে পড়ে যান। দুজনের মাথায় হেলমেট থাকা সত্ত্বেও বিপদ এড়ানো যায়নি। ওই মহিলার মাথার উপর দিয়ে চলে যায় ঘাতক বাসটি। রক্তাক্ত অবস্থায় মা ও ছেলে,দুজনকেই বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা রূপাদেবীকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরই পরিস্থিতি বেগতিক বুঝে ঘাতক বাসটির চালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা তাঁকে ধরে ফেলে। এমনকী ঘাতক বাসটিকে আটকেও রাখে এলাকার লোকজন। পরে ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দেয়। ইতিমধ্যেই ঘাতক বাসে চালক সহ বাসটিকে আটক করেছে পুলিশ।


More Stories
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের
তারাতলায় উদ্ধারকার্য জারি , মৃত্যু বেড়ে ১০