Home » ওষুধ ও ত্রাণসামগ্রী নিয়ে তুরস্কে রওনা দিল ভারতীয় উদ্ধারকারী দল

ওষুধ ও ত্রাণসামগ্রী নিয়ে তুরস্কে রওনা দিল ভারতীয় উদ্ধারকারী দল

সময় কলকাতা ডেস্ক, ৭ ফেব্রুয়ারি: একের পর এক ভূমিকম্পে কার্যত ধূলিস্যাৎ হয়ে গিয়েছে তুরস্কের বিস্তৃর্ণ এলাকা। ২ হাজারের বেশি বহুতল আবাসন মাটিতে মিশে গিয়েছে। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৪০০০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় ওষুধপত্র ও ত্রাণসামগ্রী নিয়ে তুরস্কে রওনা দিল ভারতের একটি উদ্ধারকারী দল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) এই দলটির সঙ্গে রয়েছে নানান ত্রাণসামগ্রী, প্রয়োজনীয় ওষুধপত্র এবং চিকিৎসার জন্য দরকারি বেশকিছু যন্ত্রপাতি। দলটির সঙ্গে রয়েছে বিশেষভাবে প্রশিক্ষিত একটি ডগ স্কোয়াডও। যারা ধ্বংসস্তুপ থেকে জীবিত মানুষের সন্ধান করতে সিদ্ধহস্ত।

তুরস্কের সময় সোমবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়ার বিস্তৃর্ণ এলাকা। এরপর আরও তিনবার ভূমিকম্প হয়েছে তুরস্কে। রিখটার স্কেলে প্রত্যেকটির মাত্রা ছিল ৭ পয়েন্টের উপর। সোমবার দুপুরেই ভারতের প্রশানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্দিনে তুরস্কের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, দ্রুতই ভারত ত্রাণ পাঠাবে দুর্গতদের জন্য। তখনই তিনি বলেছিলেন প্রয়োজনে উদ্ধারকারী দলও যাবে। ২৪ ঘণ্টার মধ্যেই এনডিআরএফের প্রথম দলটি রওনা দিল তুরস্কের উদ্দেশ্যে। এই দলটির সঙ্গে ধ্বংসস্তুপ সরানোর জন্য ড্রিলিং মেশিন-সহ অন্যান্য যন্ত্রপাতিও রয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

About Post Author